বাজেটে বড় পরিবর্তন আনলেন অর্থমন্ত্রী
তৈরি পোশাক রপ্তানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও প্রকৌশল কলেজের প্রস্তাবিত কর হার কমিয়ে গতকাল সোমবার জাতীয় সংসদে অর্থবিল, ২০১৫ পাস হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী এ কর কমানোর ঘোষণা দেন।
পাস হওয়া বিলে তৈরি পোশাকসহ রপ্তানি খাতে উৎসে কর হার নির্ধারণ করা হয়েছে শূন্য দশমিক ৬০ শতাংশ। অর্থমন্ত্রী তাঁর বাজেট প্রস্তাবনায় এই কর হার ১ শতাংশ করার প্রস্তাব করেছিলেন। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে শূন্য দশমিক ৩০ শতাংশ উৎসে কর দিতে হয় রপ্তানিকারকদের। আর তৈরি পোশাক ছাড়া অন্যান্য খাতের রপ্তানিতে এই কর হার শূন্য দশমিক ৬০ শতাংশ। এখন সব ধরনের রপ্তানিতে উৎসে কর শূন্য দশমিক ৬০ শতাংশ করা হয়েছে।
গতকাল সংসদে প্রধানমন্ত্রী তৈরি পোশাক রপ্তানি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল কলেজসহ বেশ কয়েকটি খাতে কর কমানোর প্রস্তাব করেন। পাসের আগে বিরোধী দলের সাতজন সাংসদ বিলটির ওপর জনমত যাচাই এবং দুজন সংশোধনী প্রস্তাব দেন। তবে তাঁদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। সরকারি দলের হুইপ শহীদুজ্জামান সরকার ও শাহাব উদ্দিনের সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়।
সংশোধিত বিলে ন্যূনতম কর হার এলাকাভেদে তিন থেকে পাঁচ হাজার টাকা করা হয়েছে। এর আগে বাজেট প্রস্তাবনায় এই হার সবার জন্যই চার হাজার টাকা করার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু তাতে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠে। তাই প্রস্তাবটি সংশোধন করে ঢাকা সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার জন্য পাঁচ হাজার, অন্যান্য সিটি করপোরেশন এলাকার জন্য চার হাজার এবং এর বাইরে দেশের সব এলাকার জন্য ন্যূনতম তিন হাজার টাকা কর হার নির্ধারণ করা হয়েছে।
বিলে আরও বলা হয়েছে, এখন থেকে শুধু সিটি করপোরেশন ও পৌর এলাকার ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি করার ক্ষেত্রে বাবা-মায়ের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ থাকতে হবে। দেশের অন্যান্য অঞ্চলের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বাবা-মায়ের টিআইএন সনদ না থাকলেও চলবে। অনলাইনে পণ্য বিক্রির ওপর ৪ শতাংশ হারে মূসক আরোপের প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে। কমানো হয়েছে মোবাইল সিম ব্যবহারের ওপর প্রস্তাবিত সম্পূরক শুল্ক। অর্থমন্ত্রী সিম-সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে এনেছেন।
অর্থবিল সংসদে পাস হওয়ার আগে প্রধানমন্ত্রী পোশাক রপ্তানিতে উৎসে কর-সংক্রান্ত নতুন বেশ কয়েকটি সংশোধনের প্রস্তাব করেন অর্থমন্ত্রীর কাছে। এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাব মানেই নির্দেশনা। তাই তাঁর সব প্রস্তাব গ্রহণ করা হলো।’
প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিয়ে কমানো হয়েছে পোলট্রিশিল্প ও মাছ থেকে আয়ের করমুক্ত সীমা। অর্থমন্ত্রী জানিয়েছেন, পোলট্রি ও মাছের চাষ থেকে আয়ের ১৯ লাখ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে। তবে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ এবং ৩০ লাখের ঊর্ধ্বের আয় থেকে ১০ শতাংশ হারে কর আদায় করা হবে। যদিও ৪ জুন বাজেট উপস্থাপনের দিন অর্থমন্ত্রী পোলট্রি ও মাছের চাষ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত রাখার কথা বলেছিলেন।
প্রধানমন্ত্রী তাঁর কর-সংক্রান্ত প্রস্তাবনায় ইউনানি, আয়ুর্বেদ ও ভেষজ ওষুধের উৎপাদন পর্যায়ে মূসক প্রত্যাহারের আহ্বান জানালে তাতেও সাড়া দেন অর্থমন্ত্রী।
এ ছাড়া নতুন ব্যাংক যেগুলো এখনো শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি, সেসব ব্যাংকের প্রাতিষ্ঠানিক বা করপোরেট করের হার নির্ধারণ করা হয়েছে ৪০ শতাংশ। যদিও বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেছিলেন, যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, তাদের প্রাতিষ্ঠানিক করের হার হবে সাড়ে ৪২ শতাংশ।
কর হারে আরও যা পরিবর্তন: পাস হওয়া অর্থবিল, ২০১৫-তে শুকনা মরিচ, তেলবীজ, পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্যতেল, চাল, চালের খুদ, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানি পর্যায়ে প্রস্তাবিত ২ শতাংশ করও প্রত্যাহার করা হয়েছে। ৪ জুন বাজেট উপস্থাপনের পর বিশেষ করে ‘চিনি ও ভোজ্যতেল’ আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপের প্রস্তাব করায় এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ, নিত্যব্যবহার্য এ দুটি পণ্য আমদানিনির্ভর। বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ৫ জুন বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘বাজেট বক্তব্যে এ ধরনের কোনো প্রস্তাব নেই। তবে ভুলবশত অর্থবিলে এটি রয়ে গেছে।’ ওই দিনই মন্ত্রী আমদানি পর্যায়ে প্রস্তাবিত শুল্ক প্রত্যাহার করার ঘোষণা দিয়েছিলেন। গতকাল তা চূড়ান্ত করা হয়।
প্রস্তাবিত অর্থবিলে বলা হয়েছিল, ভবন বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে নির্মাণসামগ্রী বাকিতে কেনা হলে পরবর্তী বছরের মধ্যে ওই বকেয়া পরিশোধ করতে হবে। আর এখন পাস হওয়া অর্থবিলে এ ধরনের বাধ্যবাধকতা থেকে আবাসন খাতকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে পরিপূর্ণ মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক বাড়িয়ে ৪৫ থেকে ৬০ শতাংশ করা হয়েছে। ৯০ হাজার থেকে দুই লাখ বিটিইউ ক্ষমতার শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের জন্য আলাদা ‘এইচএস কোড’ তৈরি করে ২৫ শতাংশ আমদানি শুল্ক ও ৪ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং অন্যান্য করারোপের প্রস্তাব করা হয়। ডিশ এন্টেনার কেব্ল আমদানির ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে বইয়ের ৫ শতাংশ আমদানি শুল্কও। এর ফলে বিদেশ থেকে বই আমদানির ক্ষেত্রে আর এ শুল্ক দিতে হবে না। এতে করে জ্ঞানের জগৎ বিস্তৃত হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ক্ষেপে গেলেন অর্থমন্ত্রী: জনমত যাচাইয়ে নোটিশের ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ একটি বিল পাস করার আগে জনগণের মতামত গ্রহণ করা উচিত। কারণ জনগণ এ সম্পর্কে অবগত নয়। পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দাঁড়িয়ে ক্ষিপ্ত হয়ে তাঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে জনমত যাচাইয়ের কোনো সুযোগ নেই। কারণ সাংসদেরা জনগণের প্রতিনিধি।
অর্থমন্ত্রী সংসদে দেওয়া তাঁর বক্তব্যে আরও বলেন, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে একমাত্র বাধা রাজনৈতিক সুস্থিতির অভাব। তবে তিনি মনে করেন, ভবিষ্যতে কেউ দেশে রাজনৈতিক অস্থিতি তৈরি করতে চাইলে দেশের মানুষই তাদের জনশত্রু হিসেবে চিহ্নিত করবে।
অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের ওপর ২১৯ জন সাংসদ মোট ৫৭ ঘণ্টা আলোচনা করেন।
অর্থবিল পাসের পর সংসদের অধিবেশন আজ সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।