বাজেটে রেলওয়ের উন্নয়নে নতুন কোনো উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অত্যাবশ্যকীয় অবকাঠামো রেলওয়ের উন্নয়নে ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তেমন কোনো নতুন উদ্যোগ নেওয়া হয়নি। পুরোনো যেসব প্রকল্প আছে, সেগুলোকেই আগামী অর্থবছরের কাজ হিসেবে দেখানো হয়েছে। যেসব পরিকল্পনা ও সংস্কারের কথা বলা হয়েছে, তা গত বছরের প্রস্তাবিত বাজেটেও ছিল।অর্থমন্ত্রী বাজেট-বক্তৃতায় সড়ক ও রেলপথ বিভাগ এবং সেতু বিভাগের জন্য সমন্বিতভাবে সাত হাজার ৫৪৯ কোটি টাকা বরাদ্দের কথা বললেও পৃথকভাবে রেলওয়ে কত পাচ্ছে, তা বলেননি।অথচ ছোট হয়ে পড়া নৌপথ ও সড়কপথের ওপর চাপ কমাতে রেলকে দ্রুত ঢেলে সাজাতে না পারলে দেশে যোগাযোগ অবকাঠামোতে একটি বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।প্রস্তাবিত বাজেটে রেলের উল্লেখযোগ্য প্রকল্প হিসেবে মঞ্জুরি ও বরাদ্দ দাবিগুলোতে উল্লেখযোগ্য কাজ হিসেবে বলা হয়েছে আগামী অর্থবছরে ৪৬টি ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন (লোকোমোটিভ) সংগ্রহ করা, টঙ্গী-ভৈরববাজার পর্যন্ত ডাবল লাইন নির্মাণ, কন্টেইনার পরিবহনের জন্য ৫০টি ফ্ল্যাট ওয়াগন সংগ্রহ, ২০০টি মিটার গেজ ও ৬০টি ব্রড গেজ যাত্রীবাহী গাড়ি পুনর্বাসন এবং ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন নির্মাণ।কিন্তু ২০০৯ সালের ১ জানুয়ারি রেলের যাত্রীসেবার মান উন্নয়নের জন্য ২০০টি মিটার গেজ যাত্রীবাহী কোচ এবং ৬০টি ব্রড গেজ কোচ মেরামত/পুনর্বাসনে ১২৩ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল, যা ২০১০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। অথচ এক বছর পাঁচ মাস পার হওয়ার পরও এর অগ্রগতি শূন্য।ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলা শহর নারায়ণগঞ্জের রেল যোগাযোগব্যবস্থা উন্নত করার উদ্যোগ তিন বছর আগে নেওয়া। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন করার প্রকল্পটি ২০০৭ সালের ১ জুলাই অনুমোদিত হয়। ৪১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পটির ঠিকাদার ঠিক করতে রেলওয়ে সময় নিয়েছে দুই বছর। গত বছরের অক্টোবরে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত হলেও এখন পর্যন্ত মাঠপর্যায়ে কাজ শুরু হয়নি। বরং এখন গতি বাড়াতে বিদ্যমান লাইন সংস্কারের কাজ চলছে।শুধু তা-ই নয়, চলতি অর্থবছরের রেলের উন্নয়ন বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ কেটে রাখা হয় বছরের মাঝপথে। বাজেট দলিলে দেখা গেছে, চলতি অর্থবছরে অনুন্নয়ন ও উন্নয়ন মিলিয়ে রেলের জন্য মোট বরাদ্দ ছিল দুই হাজার ৩৯৮ কোটি টাকা। পরে এটা কমিয়ে করা হয় দুই হাজার ১২৪ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বাজেট এক হাজার ৯৩ কোটি টাকা থেকে কমিয়ে ৬৯০ কোটি টাকা করা হয়।মধ্যমেয়াদি বাজেট কাঠামোয় আগামী তিন বছরের জন্য যে প্রক্ষেপণ করা হয়েছে, সেখানে বড় কোনো উদ্যোগের নির্দেশনা নেই। আগামী তিন অর্থবছরের জন্য প্রক্ষেপিত মোট উন্নয়ন বাজেট হিসেবে দেখানো হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে ২০১০-১১ অর্থবছরে এক হাজার ৩২৭ কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে এক হাজার ৪৬৪ কোটি টাকা ও ২০১২-১৩ অর্থবছরে এক হাজার ৭৮০ কোটি টাকা রেলের উন্নয়নে সম্ভাব্য বরাদ্দ থাকবে।মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা হিসেবে দেখানো হয়েছে ৪১০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, ১৯০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ, ৩০টি নতুন ইঞ্জিন সংগ্রহ, ২৯০টি মালামাল পরিবহনের ওয়াগন পুনর্বাসন ইত্যাদি।কিন্তু রেলপথ নির্মাণ বা পুনর্বাসনের এসব কাজের প্রকল্প কয়েক বছর আগের নেওয়া এবং এগুলোর বাস্তবায়ন দীর্ঘদিন ধরে ঝুলে আছে।ভারতের সঙ্গে সংযোগ রয়েছে, সীমান্ত এলাকার এ ধরনের রেললাইনের মেরামতকাজ দুই বছর ধরে ঝুলে আছে। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট-বুড়িমারী শাখার কাজ শুরুর প্রকল্পটি অনুমোদিত হয় ২০০৭ সালের ১ জুলাই। তিন বছর হতে চলল, কিন্তু বাস্তব অগ্রগতি দুই শতাংশের নিচে।রাজশাহী-রোহানপুর সীমান্ত এবং আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ শাখায় ১৫৫ কোটি টাকা ব্যয়ে রেললাইনের উন্নয়ন প্রকল্পটির অনুমোদন দেওয়া হয় প্রায় তিন বছর আগে। বাস্তবায়নের জন্য সময় আছে আর এক বছর। বাস্তব অগ্রগতি মাত্র এক শতাংশ।টঙ্গী থেকে ভৈরববাজার পর্যন্ত দুই লাইন করার প্রায় ৭২৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন হয় ২০০৬ সালের ১ জুলাই। প্রায় চার বছর পার হতে চলেছে, তেমন কোনো কাজ শুরু হয়নি। ঠিকাদার চূড়ান্ত করার ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অনুমোদন না পাওয়ার কারণে টাকা ব্যবহার করতে পারেনি।অথচ প্রতিবেশী ভারতে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় রেলওয়ের জন্য ব্যয়ের পরিকল্পনা দুই লাখ ৫১ হাজার কোটি টাকা। নতুন রেলমন্ত্রী ভারতে ২০২০ সালের মধ্যে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিবেগের রেল চালুর ঘোষণা দিয়েছেন। এভাবেই ভারত ধাপে ধাপে রেলের উন্নয়ন ঘটিয়ে চলেছে।অবশ্য আবুল মাল আবদুল মুহিত তাঁর বাজেট-বক্তৃতায় রেল পরিবহন খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য ২০ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা তৈরির কাজ চলছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ঢাকার চারপাশে সার্কুলার ট্রেন, পাতালরেল নির্মাণের পরিকল্পনার কাজ চলছে। কিন্তু বাস্তবে এগুলো কাগুজে অবস্থায় আছে। কিন্তু কাগুজে এসব পরিকল্পনা বাস্তবে কতটা রূপ নেবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।