বাজেটে সবচেয়ে বেশি ব্যয় ভৌত অবকাঠামো খাতে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রস্তাবিত বাজেটের সামগ্রিক ব্যয় (উন্নয়ন ও অনুন্নয়ন) কাঠামোকে সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো ও সাধারণ সেবা খাত—এই তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় প্রস্তাব করা হয়েছে ভৌত অবকাঠামো খাতে। এ খাতে প্রস্তাব করা হয়েছে মোট বরাদ্দের ৩০ দশমিক ছয় শতাংশ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, এ ছাড়া সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মোট বরাদ্দের ২৩ দশমিক চার শতাংশ, যার মধ্যে মানবসম্পদ খাতে (শিক্ষা, স্বাস্থ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য খাত) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২০.৪ শতাংশ। ভৌত অবকাঠামো খাতে প্রস্তাব করা হয়েছে মোট বরাদ্দের ৩০ দশমিক ছয় শতাংশ, যার মধ্যে সার্বিক কৃষি ও পল্লি উন্নয়ন খাতে ১৩ দশমিক নয় শতাংশ; বৃহত্তর যোগাযোগ খাতে আট দশমিক নয় শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ছয় দশমিক তিন শতাংশ প্রস্তাব করা হয়েছে। আর সাধারণ সেবা খাতে প্রস্তাব করা হয়েছে মোট বরাদ্দের ২৮ শতাংশ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), বিভিন্ন শিল্পে আর্থিক সহায়তা, ভর্তুকি, রাষ্ট্রায়ত্ত, বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য ব্যয় বাবদ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে দুই দশমিক দুই শতাংশ; সুদ পরিশোধ বাবদ প্রস্তাব করা হয়েছে ১১ দশমিক নয় শতাংশ; নিট ঋণদান ও অন্যান্য ব্যয় খাতে প্রস্তাব করা হয়েছে অবশিষ্ট তিন দশমিক আট শতাংশ।