বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষ কী প্রত্যাশা করতে পারে, তা জানতে প্রথম আলো চারজনের মুখোমুখি হয়৷ তাঁদের বক্তব্য এখানে তুলে ধরা হলো
সাঈদা সরোয়ার
সাঈদা সরোয়ার

আমার করের টাকার যথাযথ ব্যবহার চাই
সাঈদা সরোয়ার
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সার্বিকভাবে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। প্রতিটি শিশু যাতে অন্তত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে সেদিকে বিশেষ জোর দিতে হবে। আবার বাজেট কৃষকমুখীও হওয়া দরকার। কেননা কৃষকেরা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পান না। প্রতিবছরই দেখা যায়, উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে কৃষিপণ্য বিক্রি করতে হয় কৃষকদের। সে জন্য তাঁদের প্রতি বিশেষ নজর দিতে হবে।
আমার পরিবারের প্রথম চাওয়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে। বাজেটে এ বিষয়ে নীতি-নির্দেশনা থাকা উচিত। পাশাপাশি শিক্ষামূলক জিনিসপত্র ও ওষুধের দাম যেন কোনোভাবেই বাড়ানো না হয়।
দেশের স্বার্থে আমি কোনো রাজনৈতিক সুবিধাভোগের বাজেট দেখতে চাই না। বাজেটকে যেন রাখা হয় সব সমালোচনার ঊর্ধ্বে এবং সবার জন্য গ্রহণযোগ্য ও সহনীয়। সব মিলিয়ে আমি লোক দেখানো উচ্চাভিলাষী ও রূপকথার বাজেট চাই না। আমি চাই বাস্তবমুখী বাজেট। বছর শেষে আমার করের টাকার যথাযথ ব্যবহার চাই।

মো. নিদু হোসেন
মো. নিদু হোসেন

সবার হাতে ট্যাকা থাকুক
মো. নিদু হোসেন
ফল বিক্রেতা কারওয়ান বাজার
বাজেট তো বাপু কবে দিব জানি না। বাজেট কী, সেইটাও ভালো কইরা বুঝি না। তয় আমি সরকারের কাছে চাই, আমি যেন আগের থিকা বেশি বেচতে পারি। লোকজন যেন আমার কাছ থিকা বেশি আনারস-কাডাল (কাঁঠাল) কিনে। পরিবার-পরিজন সবাইরে নিয়ে একটু ভালোমতো থাকতে পারি।
মাইনসের কাছে যদি ট্যাকা না থাকে তাইলে জিনিসপত্র কিনব কেমনে? হেল্লেগা আমি চাই, সবার হাতে ট্যাকা থাকুক। বাজেটের মাধ্যমে যেন সবার হাতে ট্যাকা আসে। ট্যাকা থাকলে লোকজন জিনিসপত্র কিনে, ট্যাকা না থাকলে কিনে না। মাইনসের হাতে যদি ট্যাকা থাকে তাইলে সবাই ভালো থাকব। আমিও ভালো থাকমু।
বাজেটে যেন সব জিনিসপত্রের দাম কমায়া দেওয়া হয়। যদি জিনিসপত্রের দাম কমে, তাইলে সব জিনিস কিনতে পারব। আমার সব আত্মীয়স্বজন তো আর আমার মতো ফল বেচে না। ওগো পোলাপাইনে যেন চাকরি-বাকরি পায়। সরকারের কাছে আমি একটা জিনিসই চাই, সরকার যেন আমাগো একটু ভালো রাখে।

মো. ওসমান গণি
মো. ওসমান গণি

শেয়ারবাজারের উন্নয়নে তহবিল চাই
মো. ওসমান গণি
বিনিয়োগকারী
আমি মনে করি, বাজেট এমন হওয়া উচিত যাতে দেশে শিল্পায়ন ঘটে, কর্মসংস্থান সবচেয়ে বেশি গুরুত্ব পায়। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশা, প্রতিদিনের জীবনযাত্রায় যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা আছে, সেগুলোর দাম যেন আমাদের ক্রয়সীমার মধ্যে থাকে। বিশেষ করে সরকার ওষুধ ও শিশুখাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সন্তুষ্ট থাকব। কারণ এ দুটি পণ্যের দাম হঠাৎ হঠাৎ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং এতে আয়ের একটি বড় অংশ চলে যায়।
একজন বিনিয়োগকারী হিসেবে আমি চাই, শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না। শেয়ারবাজারের উন্নয়নে বাজেটে একটি বড় তহবিল গঠনের ঘোষণা দেবে। পাশাপাশি লভ্যাংশ আয়কে করমুক্ত করা হবে। প্রয়োজনে আইন করে নতুন ও ভালো কোম্পানি শেয়ারবাজারে আনা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ার ছাড়ার কার্যকর উদ্যোগও নেবে।
এ ছাড়া ২০১০ সালে শেয়ারবাজার ধসের কারণে যেসব ঋণগ্রস্ত বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছেন, তাঁদের জন্য বাজেটে সরকারি সহায়তা প্রত্যাশা করছি।

ওবায়দুল ইসলাম
ওবায়দুল ইসলাম

গণপরিবহনের উন্নতি চাই
ওবায়দুল ইসলাম
প্রিন্সিপাল অফিসার, ঢাকা ব্যাংক
মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ঢাকা শহরে পরিবহন ও যোগাযোগব্যবস্থা খুবই অপ্রতুল। প্রতিদিন অফিসে যাওয়ার সময় এ সমস্যায় পড়তে হয়, সবার আগে এটার উন্নতি দেখতে চাই। চিকিৎসাসেবা পেতেও আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে মধ্যবিত্তদের চিকিৎসাসেবার জন্য বেশি বরাদ্দ রাখা উচিত। উন্নয়নশীল দেশ হিসেবে অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া উচিত। এ জন্য উন্নয়ন খাতের বরাদ্দ বাড়াতে হবে, একই সঙ্গে অনুৎপাদনশীল খাতের বরাদ্দ কমাতে হবে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষির অবদান সাড়ে ১৬ শতাংশ, এটি আরও বাড়ানো দরকার। মোট শ্রমবাজারের ৪০ শতাংশ এখনো কৃষি খাতে নিয়োজিত। তাই কৃষিতে গুরুত্ব দিলে কর্মসংস্থান বাড়বে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে। চরম দারিদ্র্যের হারও এতে অনেক কমবে। অনেক সংযোগশিল্পের কাঁচামালও আসে কৃষি খাত থেকে। কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে এ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা উচিত।
অনুলিখন: সুজয় মহাজন, আবুল হাসনাত, আশরাফুল ইসলাম ও তাসনীম হাসান