বাজেটে স্বাস্থ্য উন্নতির কিছু নেই
প্রতিবছরের মতো স্বাস্থ্য খাতে এবারও মোট বরাদ্দ কিছুটা বেড়েছে। ছয় অর্থবছর ধরে স্বাস্থ্য খাতের বরাদ্দ জাতীয় বাজেটের ৫ শতাংশকে ঘিরেই ছিল। এবারও অর্থমন্ত্রী আটকে থাকলেন ৫ দশমিক ১৬ শতাংশে।
স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, সরকার দেশের মানুষের স্বাস্থ্যের উন্নতি করতে চায়—এমন সদিচ্ছার প্রতিফলন জাতীয় বাজেটে নেই। স্বাস্থ্য খাতের বাজেট সাদামাটা, গৎবাঁধা। বাজেটে স্বাস্থ্য উন্নতির কিছু নেই।
সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনশন অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক বে-নজির আহমেদ প্রথম আলোকে, স্বাস্থ্য খাতে খুব বড় কোনো প্রকল্প দেখা যায় না। অগ্রাধিকারের পরিবর্তন হয়। যেমন একসময় গোদ রোগ বা কালাজ্বরে বেশি বিনিয়োগ দরকার হতো। এখন ওই দুটি রোগ নিয়ন্ত্রণে এসেছে। এখন বিনিয়োগ বাড়াতে হবে অন্য খাতে। অগ্রাধিকারমূলক খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে কি না, সেটা দেখার বিষয়।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুটি পৃথক বিভাগ হয়েছে: স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ। এই দুই বিভাগ মিলে ২০১৭-১৮ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য (উন্নয়ন ও রাজস্ব) মোট বরাদ্দ ধরা হয়েছে ২০ হাজার ৬৭৯ কোটি টাকা। এই মন্ত্রণালয়ের জন্য ২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাব ছিল ১৭ হাজার ৫১৬ কোটি টাকার। অর্থাৎ মোট বরাদ্দ বেড়েছে ৩ হাজার ১৬৩ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় স্বাস্থ্য বাজেট ১৮ শতাংশ বেড়েছে।
তবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খাতওয়ারি যে হিসাব দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যসেবায় বরাদ্দের হার কমেছে। ২০১৬-১৭ অর্থবছরে বরাদ্দ ছিল ৬ হাজার ২৩৫ কোটি টাকা, মোট উন্নয়ন বরাদ্দের ৫ দশমিক ৬ শতাংশ। এবার ৭ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট উন্নয়ন বরাদ্দের ৫ দশমিক ১ শতাংশ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বলেছেন, গ্রাম এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া সহজ করার জন্য ১৩ হাজার ৩৩৯টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে সরকার। ১৩২টি উপজেলায় জরুরি প্রসূতিসেবা জোরদার করা হয়েছে। সব জেলা ও ৪১৮টি উপজেলা হাসপাতাল থেকে মুঠোফোনে স্বাস্থ্যসেবা পাওয়া যায়। আর ৪৩টি হাসপাতালকে টেলিমেডিসিনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া মানুষ ১৬২৬৩ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা বিনা মূল্যে স্বাস্থ্য পরামর্শ পাচ্ছেন।
যদিও স্বাস্থ্য নিয়ে আশা জাগে এমন কোনো কথা অর্থমন্ত্রী বলেননি।
বিশেষজ্ঞরা বলছেন, সরকার কোন খাতকে কত গুরুত্ব দেয় তা বোঝার একটি উপায় হচ্ছে সংশ্লিষ্ট খাতে বাজেটের কত অংশ বরাদ্দ রাখছে, তার ওপর। স্বাস্থ্য খাতে ২০১১-১২ অর্থবছরে বরাদ্দ ছিল জাতীয় বাজেটের ৫ দশমিক ১ শতাংশ। পরের অর্থবছরে তা কমে ৫ শতাংশে নামে। এর পরের দুই অর্থবছরে ৫ শতাংশের নিচে ছিল। ২০১৫-১৬ অর্থবছরে কিছুটা বেড়ে ৫ দশমিক ৬ শতাংশ হয়। গত অর্থবছরে ছিল ৫ দশমিক ১৪ শতাংশ। এবার প্রস্তাবিত বাজেটে ৫ দশমিক ১৬ শতাংশ। গত বছরের তুলনায় মাত্র দশমিক ০২ শতাংশ বেড়েছে।
স্বাস্থ্য খাতে উন্নয়ন বরাদ্দের একটা বড় অংশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও তার অধীন অধিদপ্তরগুলো খরচ করতে পারে না বলে সমালোচনা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খরচ হওয়া অর্থের একটা বড় অংশ অপচয় হয়, একটা অংশ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পকেটে যায়। স্বাস্থ্য উন্নতিতে বাজেটের ঠিক কত অংশ কাজে লাগে, সেই পরিসংখ্যান পাওয়া যায় না।
এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, ‘স্বাস্থ্যের জন্য এ দেশে ব্যক্তি পকেট থেকে খরচ করে ৬৪ শতাংশ। এই চাপ কমানোর জন্য স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো দরকার। অন্যদিকে সেবার পরিধি ও মান বৃদ্ধির জন্যও বিনিয়োগ দরকার। স্বাস্থ্যসেবার প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে বিনিয়োগ বাড়িয়ে মানসম্পন্ন সেবা না দিলে তা দূর হবে না। কিন্তু বাজেটে এসবের প্রতিফলন নেই।’
সরকার যে স্বাস্থ্যের উন্নতির ব্যাপারে আন্তরিক না, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা তার জ্বলন্ত উদাহরণ উল্লেখ করে রশীদ-ই-মাহবুব আরও বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির সমন্বয় করেন আর কর্মকর্তাদের বেতন-ভাতা দেন, দেখবেন বাস্তবে বরাদ্দ বাড়েনি।’