গণমাধ্যম ও বিরোধী দল বিপর্যস্ত অর্থনীতির ধারণা তৈরি করেছে
বাজেটের অর্থহীন সমালোচনা হচ্ছে: মুহিত
আগামী ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেট উচ্চাভিলাষী নয় উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেট নিয়ে অর্থহীন সমালোচনা করা হচ্ছে।মুহিত বলেন, বাজেটকে উচ্চাভিলাষী বলা হচ্ছে। বাজেটের আকার, বিশাল ঘাটতি, আর্থিক খাতের ভারসাম্যহীনতা, মূল্যস্ফীতি ইত্যাদি বিষয় নিয়ে সমালোচনা করা হচ্ছে। যাঁরা সমালোচনা করছেন, তাঁরা এসব বিষয় নিয়ে চিন্তিত। এটা সমালোচকদের অর্থহীন ধ্যানধারণা বলেও মন্তব্য করেন তিনি।অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত—এই ধারণাটি গণমাধ্যম ও বিরোধী দলের সৃষ্টি। তিনি বলেন, বিরোধী দল এটা বলে ইস্যু তৈরি করছে। আর গণমাধ্যমও তা গ্রহণ করছে।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত মধ্যাহ্নভোজসভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।সভা পরিচালনা করেন এফআইসিসিআইয়ের নির্বাহী কমিটির সদস্য রুপালী চৌধুরী। আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক এম এ মতিন, নির্বাহী কমিটির সদস্য সারিয়া সাদিক প্রমুখ। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের অর্থনীতি বিকাশমান। আর ৪১ বছর ধরে প্রতিবারই বাজেট-ঘাটতি হয়।এম এ মুহিত আরও বলেন, জনগণের ক্রয়ক্ষমতা বাড়ছে। এতে পণ্যবাজারের পরিধি বাড়ছে। ৩০ বছর আগে দেশের মধ্যবিত্তের হার ছিল জনসংখ্যার ১৪ শতাংশ, এরাই পণ্যের মূল ক্রেতা ছিল। বর্তমানে এই মধ্যবিত্তের হার ৩০ শতাংশে উন্নীত হয়েছে। এর মানে হচ্ছে, বাজার ক্রমশ বড় হচ্ছে।সামষ্টিক অর্থনীতি সম্পর্কে অর্থমন্ত্রী জানান, আমদানি বাড়ছে, আবার রপ্তানিও বাড়ছে। শিল্প খাতে প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ। আর বিনিয়োগও আশানুরূপ হচ্ছে। দেশের কৃষিক্ষেত্রে বাম্পার ফলন হচ্ছে। চলতি অর্থবছরেও মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হয়েছে।ডলার-টাকার বিনিময় হার সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা একটি ভুল করেছি। আমরা দীর্ঘদিন ধরে ডলারের বিনিময়ে টাকার বিনিময় হার স্থিতিশীল রেখেছি। ভাসমান মুদ্রাবিনিময়ব্যবস্থা চালু হওয়ার পরও কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করে ডলারের দাম ধরে রেখেছে।’অর্থমন্ত্রী আরও বলেন, কনোকো ফিলিপস তথা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়েও সমালোচনা করা হচ্ছে। এটাকে ‘বাজে কথা’ বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, সরকার তাদের কাছ থেকে না কিনলে কেবল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করার সুযোগ থাকবে। এক প্রশ্নের জবাবে কালো টাকা সাদা করা সম্পর্কে তিনি বলেন, ‘আমি কালো টাকা সাদা করা তথা করের আওতাবহির্ভূত অর্থ ঘোষণায় আনার ঘোর বিরোধী। গতবার এই অর্থ করের আওতায় আনার উদ্যোগ নিয়েছিলাম। সৎ করদাতাদের প্রতি যাতে অবিচার না করা হয়, সে জন্য বাড়তি কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সাড়া পাওয়া যায়নি।’কর অবকাশ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ২০১৩ সাল পর্যন্ত বেশ কিছু খাতে কর অবকাশ-সুবিধা দেওয়া হয়েছে। এবার বেশ কিছু খাতকে এই সুবিধার আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। মুহিত আরও বলেন, ‘কয়টি খাতে কর অবকাশ-সুবিধা থাকল, আর কয়টি খাতে থাকল না, সেটা বড় কথা নয়। কর অবকাশ-সুবিধা দীর্ঘদিন দেওয়া ঠিক নয়। আমরা কর দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এতে এক ধরনের জবাবদিহির সুযোগ তৈরি হয়।’