বাজেটের অর্থায়নই দুশ্চিন্তার বড় কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিডির বাজেট পর্যালোচনায় বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। পাশে নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান l ছবি: প্রথম আলো
সিপিডির বাজেট পর্যালোচনায় বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। পাশে নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান l ছবি: প্রথম আলো

সদ্য ঘোষিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার নয়, অর্থায়নই দুশ্চিন্তার বড় কারণ বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটির পক্ষে বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তার একটি অংশ অর্জিত হবে না। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হোক। তবে এর জন্য সুনির্দিষ্ট যে পথনকশার প্রয়োজন, সেটি এ বাজেটে নেই। ফলে আমরা বুঝতে পারছি না, কোথা থেকে, কীভাবে এ অর্থের সংস্থান হবে। তিনি মনে করেন, আয়ের লক্ষ্য পূরণ না হলে বাজেটে ঘোষিত অন্যান্য লক্ষ্য পূরণে তা বাদ সাধবে।
ঘোষিত বাজেটকে ‘ঋণনির্ভর সম্প্রসারণমূলক ব্যয় কাঠামো’ বাজেট বলে অভিহিত করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এটি মন্দাকালীন অর্থনীতির মডেল। এ ধরনের মডেল দীর্ঘদিন টেকসই হয় না। তাই সময় এসেছে আয়ের নিশ্চয়তা ছাড়া ঋণনির্ভর সম্প্রসারণমূলক ব্যয় কাঠামো থেকে বেরিয়ে আসার।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এসব অভিমত তুলে ধরেন। প্রতিবেদনটি সাংবাদিকদের সামনে তুলে ধরেন দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং প্রশ্নোত্তর পর্বে আরও অংশ নেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
দেবপ্রিয় বলেন, ‘বাজেটে যে ঘাটতি দেখানো হয়েছে, আয়তন হিসেবে মোটেই বড় না। ঘাটতি বাজেট আদৌ দুশ্চিন্তার বিষয় নয়। বাজেটের আকার নিয়েও আমরা চিন্তা করি না। আমাদের দুশ্চিন্তা হলো বাজেটের অর্থায়ন নিয়ে। ঘোষিত বাজেটের অর্থায়নের ব্যবস্থাটি অভ্যন্তরীণ উৎসের ঋণনির্ভর ব্যবস্থা।’ তিনি এ সময় আরও বলেন, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ’-এর স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু সিপিডি মনে করে, এ পথে যেতে হলে ‘সিঁড়িটাকে আরেকটু মসৃণ’ করতে হবে। কারণ সিঁড়িটি কিছুটা পিচ্ছিল হয়ে গেছে বলে মনে করছে সিপিডি।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের অনিশ্চয়তার কারণ হিসেবে সিপিডি বলছে, ঘোষিত বাজেটে যেসব প্রাক্কলন করা হয়েছে, তার সবগুলো করা হয়েছে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ওপর ভিত্তি করে। ফলে সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে, তা জানা যাবে আরও তিন মাস পর। বর্তমান হিসাবে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ শতাংশের বেশি। কিন্তু সিপিডি মনে করে, শেষ পর্যন্ত তা কার্যত ৩৫ শতাংশের মতো বাড়াতে হবে। এটি অনেকটা অবাস্তব। আমদানি শুল্কসহ বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত করের হার থেকে কী পরিমাণ বাড়তি কর আদায় হবে, তার সুস্পষ্ট ঘোষণা থাকলে বিশাল রাজস্ব আহরণের বিষয়ে সুনিশ্চিত তথ্য পাওয়া যেত।
এ প্রসঙ্গে নব্বইয়ের দশকের কথা স্মরণ করিয়ে দিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ওই সময় প্রত্যেক অর্থমন্ত্রী বাজেটের ভেতরে করের প্রস্তাব দেওয়ার পর সুস্পষ্ট করে বলতেন নতুন করারোপের ফলে কোন কোন খাত থেকে কত টাকা আসবে। আর কর তুলে নেওয়ার ফলে কত টাকা কম পাওয়া যাবে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে কত টাকা তুলে আনবেন। কিন্তু এখন আর সে ধরনের সুস্পষ্ট কিছুই পাওয়া যায় না। যদি সুস্পষ্ট করে এ বিষয়ে তথ্য পাওয়া যেত, তাহলে লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে আস্থাহীনতা থাকত না।
সংবাদ সম্মেলনে সিপিডির গবেষকদের কাছে প্রশ্ন ছিল, প্রস্তাবিত বাজেটের সবচেয়ে উজ্জ্বলতম ও নিষ্প্রভ দিক কী? জবাব দিতে গিয়ে কিছুটা ভেবে দেবপ্রিয় বলেন, বরাদ্দ কম হলেও এবারের বাজেটের সবচেয়ে উজ্জ্বল দিক প্রথমবারের মতো প্রণীত ‘শিশু বাজেট’। আর নিষ্প্রভ দিক হলো, কোনো ঘোষণা ছাড়াই ‘জেলা বাজেট’ বাদ দিয়ে দেওয়া।
এবারের বাজেটে অর্থমন্ত্রী মধ্যমেয়াদি যেসব পরিকল্পনা ঘোষণা করেছেন, সেগুলোকে বাস্তবভিত্তিকই মনে করছে সিপিডি। তাদের মতে, অর্থনীতির যে সামর্থ্য, সেটি দিয়ে বর্তমানের চেয়ে আরও অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন সম্ভব। সে জন্য প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টি খুবই জরুরি হয়ে পড়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন খাতে পাঁচটি স্বাধীন কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করে সিপিডি। পাশাপাশি অর্থমন্ত্রীকে ধন্যবাদও জ্ঞাপন করেন আর্থিক খাত সংস্কারে একটি কমিশন গঠনের ব্যাপারে বাজেটে সুস্পষ্ট ঘোষণা দেওয়ায়।
মোবাইল ফোনের সিম ও রিম প্রদত্ত সেবার ওপর আরোপিত ৫ শতাংশ সম্পূরক শুল্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিপিডির গবেষক দল জানিয়েছে, এ ধরনের শুল্ক আরোপের ক্ষেত্রে ন্যূনতম একটি স্তর নির্ধারণ করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষের ওপর এর চাপ না পড়ে। বাজেটে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে উৎসে কর বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটিকে যথাযথ বলে মত দিয়েছে সিপিডি।
অবহেলিত কৃষি ও স্বাস্থ্য খাত: দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘প্রতিবছর কৃষি খাতে বরাদ্দ কমছে। কখনোই তা মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ দশমিক ২ শতাংশের ওপরে উঠতে পারছে না। এ ছাড়া বাজেটে সবচেয়ে অবহেলিত খাতের একটি হলো স্বাস্থ্য খাত। ২০০৩ সাল থেকে জিডিপি ও মোট বাজেটের বিপরীতে স্বাস্থ্য খাতের বরাদ্দ কমেছে। স্বাস্থ্য খাতে মাথাপিছু বরাদ্দ ৪০০ টাকারও কম।’
গতির প্রকল্পে গতি নেই: প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার করতে সরকার উল্লেখযোগ্য বেশ কিছু প্রকল্পকে ‘ফাস্ট ট্র্যাক’ বা বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করে। সেসব প্রকল্প সরাসরি প্রধানমন্ত্রীর তদারকিতে আনা হয়। কিন্তু এ রকম আটটি গতিময় প্রকল্পের বাস্তবায়ন তদারক করে সিপিডি বলছে, এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতু ও রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আশানুরূপ অগ্রগতি হলেও অন্যগুলোর অগ্রগতি সন্তোষজনক নয়।
সিপিডি বলছে, অর্থাভাবে অনেক প্রকল্প সময়মতো শেষ করা যায় না। অনেক ক্ষেত্রে অনেক প্রকল্প শেষ করার জন্য যে অর্থের দরকার, তা পাওয়া যাচ্ছে না। আবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে অনেক প্রকল্পকে নামমাত্র বরাদ্দ দিয়ে বছরের পর বছর টিকিয়ে রাখা হয়েছে। এবারের উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পের সংখ্যা কমলেও প্রকল্পের গুণগত মানের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হয়নি বলে মনে করছে সিপিডি।
সরকারের উচ্চ আয়ের লক্ষ্য নিয়ে শঙ্কা প্রকাশ করলেও সরকারি ব্যয়ের লক্ষ্যের সঙ্গে সহমত সিপিডির। সংস্থাটি বলছে, দেশের প্রয়োজনে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বরং রাষ্ট্রীয় বিনিয়োগের হার মোট দেশজ উৎপাদন বা জিডিপির ২০-২২ শতাংশে উন্নীত করতে হবে। এ ক্ষেত্রে বৈদেশিক সাহায্য ব্যবহারের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
সিপিডি বলছে, ব্যয়ের ক্ষেত্রে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলোর সঙ্গে সিপিডির খুব বেশি দ্বিমত নেই। তবে ব্যাংক খাতে পুঁজি জোগানের নামে আবারও পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দের সমালোচনা করেছে সিপিডি। ব্যাংক খাতে প্রয়োজনীয় সংস্কার না করে বারবার করের টাকায় পুঁজি জোগান দেওয়ার ফলে এসব টাকা অন্ধকার গলিতে চলে যাচ্ছে।