বাজেটের এক-চতুর্থাংশই ব্যয় ধারের টাকায়
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ‘নিজের জীবনের শ্রেষ্ঠতম’ যে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট দিয়েছেন, তার এক-চতুর্থাংশের বেশি টাকা তাঁকে জোগাড় করতে হবে ধারকর্জ করে।
পরিমাণটাও একেবারে কম নয়, ১ লাখ ৬ হাজার ৭৭২ কোটি টাকা। এর বাইরে ৫ হাজার ৫০৪ কোটি টাকা বিদেশি অনুদান পাবেন বলে আশাবাদী অর্থমন্ত্রী। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যানই বলছে, অনুদান পাওয়ার আশা কোনো সময়ই পুরোপুরি পূরণ হয় না তাঁর। সুতরাং, অনুদানের আশার অঙ্কসহ হিসাব করলে আগামী অর্থবছরটি চালাতে অর্থমন্ত্রীর ঘাটতি রয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন (জিডিপি) ধরা হয়েছে ২২ লাখ ২৩ হাজার ৬০০ কোটি টাকা। জিডিপি দিয়ে অর্থনীতির আকার মাপা হয়। একটি দেশের ভেতরে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য ও সেবার উৎপাদন হয়, তার বাজারমূল্যই হচ্ছে জিডিপি।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেছেন, আগামী অর্থবছরে অনুদান ছাড়া বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশ এবং উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির কারণে ঘাটতিটা আগের চেয়ে বাড়তি। অর্থমন্ত্রী এখানেও আশাবাদী যে শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধির (৭ দশমিক ৪ শতাংশ) ফলে সামস্টিক অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
বাজেট সংক্ষিপ্তসারের তথ্যমতে, ২০১৪-১৫ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ৩ দশমিক ৯ শতাংশ এবং ২০১৫-১৬ অর্থবছরে ৩ দশমিক ৮ শতাংশ। চলতি অর্থবছর থেকেই এ ঘাটতি বাড়তির দিকে। চলতি অর্থবছরে ৪ দশমিক ৯ শতাংশ বাজেট ঘাটতি ধরেও সংশোধিত বাজেটে তা ৫ শতাংশে নিয়ে যাওয়া হয়।
আগামী অর্থবছরের বিশাল বাজেট ঘাটতি তাহলে কীভাবে মেটাবেন অর্থমন্ত্রী? অনুদান থেকে তিনি যে ৫ হাজার ৫০৪ কোটি টাকা পাবেন বলে আশা করছেন, সেই অঙ্কটা বাদ দিয়ে ১ লাখ ৬ হাজার ৭৭২ কোটি টাকা সংগ্রহের উৎসের একটি হিসাব দিয়েছেন।
অর্থমন্ত্রীর চাওয়া হচ্ছে, বিদেশ থেকে তিনি ঋণ নেবেন ৫৫ হাজার ৩১৩ কোটি টাকা, যার মধ্যে ৮ হাজার ৮৯৩ কোটি টাকা আগে নেওয়া ঋণের সুদ দেবেন। সে হিসেবে তাঁর নিট বিদেশি ঋণের লক্ষ্য হচ্ছে ৪৬ হাজার ৪২০ কোটি টাকা, আর অনুদানসহ তা ৫১ হাজার ৯২৪ কোটি টাকা।
ঘাটতির মধ্যে বাকি থাকে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা, অর্থমন্ত্রী যা নেবেন অভ্যন্তরীণ উৎস থেকে। অভ্যন্তরীণ উৎসের আবার ব্যাংকব্যবস্থা এবং ব্যাংকবহির্ভূত ঋণ নামে দুটি ভাগ রয়েছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি মিলিয়ে ব্যাংকব্যবস্থা থেকে অর্থমন্ত্রী ঋণ নেবেন ২৮ হাজার ২০৩ কোটি টাকা। আর ব্যাংকবহির্ভূতের মধ্যে সঞ্চয়পত্র বিক্রি থেকে ৩০ হাজার ১৫০ কোটি এবং অন্যান্য খাত থেকে ১ হাজার ৯৯৯ কোটি টাকা নেবেন অর্থমন্ত্রী।
বাজেট ঘাটতি মেটানোর বিদেশি ঋণ ও সঞ্চয়পত্র—এ দুটি অংশ নিয়ে প্রশ্ন রয়েছে অর্থনীতিবিদদের। চলতি অর্থবছরের হিসাবের দিকে তাকালেও অবশ্য তা পরিষ্কার হয়। চলতি অর্থবছরে নিট বিদেশি ঋণ ৩০ হাজার ৭৮৯ কোটি টাকা ধরেও সংশোধিত বাজেটে কমিয়ে করা হয় ২৪ হাজার ৭৭ কোটি টাকা। অথচ আগামী অর্থবছরে দ্বিগুণ বাড়ানো হলো।
অন্যদিকে চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ছিল ১৯ হাজার ৬১০ কোটি টাকা। অর্থবছরের ১০ মাসেই সঞ্চয়পত্র বিক্রি দ্বিগুণ ছাড়িয়ে হয় ৪৩ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তাই সঞ্চয়পত্র বিক্রি থেকে সংগ্রহ ধরা হয় ৪৫ হাজার কোটি টাকা।
বাজেট পেশের পরদিন গত শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘অর্থমন্ত্রীর বিদেশি সাহায্যের (ঋণ) হিসাবটি অঙ্ক জানা কোনো শিশুও বিশ্বাস করবে না। অর্থায়নের সব উৎস দেখার পর ব্যয়ের হিসাব যখন মিলছে না, তখন পুরোটাই বিদেশ থেকে আসবে ধরে নিয়ে যোগ করা হয়েছে।’
অর্থমন্ত্রীও একই দিন অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিষয়টির ব্যাখ্যা দেন এভাবে, ‘এবার বিদেশি সাহায্য বেশি ধরা হয়েছে, কারণ পাইপলাইনে অনেক টাকা। কিন্তু ব্যবহার করতে পারছি না। ইআরডি (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) সচিব বিদেশিদের সঙ্গে প্রতি তিন মাসে একবার আলাপ করেন। আশা করছি পরিস্থিতির উন্নতি হবে।’
জানতে চাইলে ইআরডিসচিব কাজী শফিকুল আজম গতকাল মুঠোফোনে প্রথম আলোর কাছে পরিস্থিতির উন্নতির সম্ভাব্য চিত্র তুলে ধরেন। তিনি জানান, রূপপুরসহ ১০টি বড় প্রকল্পের কাজ চলছে। আর পাইপলাইনে আছে ৩ হাজার ৫০০ কোটি ডলার বিদেশি ঋণ। এ থেকে ২০ শতাংশের বাস্তবায়ন হলেও অঙ্কটি দাঁড়ায় ৭০০ কোটি ডলার (প্রতি ডলার ৮০ টাকা দরে ৫৬ হাজার কোটি টাকা) এবং আগামী অর্থবছরে তা খুবই সম্ভব।
তবে অর্থমন্ত্রীকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকঋণের পাশাপাশি এবারও সঞ্চয়পত্র বিক্রির ওপরই বেশি ভরসা রাখতে হতে পারে। কারণ, কাজটি সহজ। অর্থমন্ত্রী যদিও ঘোষণা দিয়েছেন মুনাফার হার কিছুটা কমাবেন, তারপরও মানুষের টাকা খাটানোর জায়গা কম। মুনাফার হার কমানোর পরও ব্যাংকে আমানতের সুদের হারের চেয়ে তা বেশি থাকবে।