বাজেটের কার্যকর বাস্তবায়নই প্রবৃদ্ধির মূল: আইসিসিবি
বাজেটের কার্যকর ও অর্থবহ বাস্তবায়নের ওপরই অর্থনীতির প্রবৃদ্ধি নির্ভরশীল বলে অভিমত প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)।আইসিসিবি মনে করে, উচ্চ প্রবৃদ্ধি অর্জনের জন্য বড় লক্ষ্যমাত্রা এবং অবশ্যই সঠিক ধরনের প্রকল্প নির্বাচন প্রয়োজন। একই সঙ্গে প্রয়োজন সময়মতো প্রকল্পগুলোর বাস্তবায়ন ও তদারকি।গতকাল বুধবার প্রকাশিত আইসিসিবির ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে এ অভিমত প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছরের বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় ২৬ শতাংশ বেশি, যা নিশ্চিতভাবেই উচ্চাভিলাষী ও বড়। আর বাজেটে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।আইসিসিবি মনে করে, চলতি অর্থবছরে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব, যদি রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি-বেসরকারি খাতের সর্বাত্মক প্রচেষ্টা থাকে। তবে আইসিসিবি এও মনে করে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প নির্বাচনের গুণগত মান এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা, একদিকে প্রকল্প নির্বাচনে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়, অন্যদিকে প্রতিবছরের তৃতীয় প্রান্তিকে এসে প্রকল্প নির্বাচনে দুর্বলতা ও বাস্তবায়ন শ্লথগতির জন্য এডিপির আকার ছোট করা হয়।এর ফলে সব সময় অর্থবছরের শেষ প্রান্তিকে এসে অনেক প্রকল্প শেষ করার জন্য তাড়াহুড়ো থাকে, যা প্রকল্পের গুণগত মানকে প্রভাবিত করে বলে মনে করে আইসিসিবি।আইসিসিবির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় ও উন্নয়ন-সহযোগীদের তহবিল ছাড়ে দীর্ঘসূত্রিতা একটি বড় সমস্যা। এটা এড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো যেন অর্থবছরের প্রথম প্রান্তিকেই প্রয়োজনীয় তহবিল দ্রুততার সঙ্গে পায় (ন্যূনতম ২৫ শতাংশ), তা নিশ্চিত করতে আইসিসিবি অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। একইভাবে, উন্নয়ন অংশীদারদের কাছ থেকেও যেন সময়মতো তহবিল পাওয়া যায়, তার ব্যবস্থা করতে হবে।আইসিসিবির মতে, বাজেট জনগণ এবং করদাতাদের স্বার্থে প্রণীত। সুতরাং এখনই বাজেট প্রস্তুতি কৌশল পুনর্বিবেচনা করা এবং পরবর্তী এডিপির জন্য প্রকল্প নির্ধারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে সংগঠনটি মনে করে।