বাজেটের কিছু পরিবর্তনের সুযোগ নেই: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের যেকোনো অর্থবছরের তুলনায় চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটকে অনেক স্বস্তিদায়ক (মোর কমফরটেবল) বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, এই সময়ে এসে বাজেটের কোনো কিছু পরিবর্তনের খুব একটা সুযোগ নেই।

ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার ‘অর্থ বিল ২০১৬’-এর ওপর অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। প্রাইসওয়াটারহাউসকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশ সেমিনারটির আয়োজক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য পারভেজ ইকবাল এতে বিশেষ অতিথি ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, অনেক যাচাই-বাছাই করে চলতি অর্থবছরের বাজেট করা হয়েছে। বাজেট বাস্তবায়নও শুরু হয়েছে গত ১ জুলাই থেকে।

বাজেট-উত্তর পরিস্থিতিও ভালো উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সংগ্রহের লক্ষ্য বাড়িয়ে ধরা হয়েছে। কারণ, গতবার লক্ষ্য অর্জন কিছুটা ব্যাহত হয়েছে। এনবিআর চলতি অর্থবছরের রাজস্ব সংগ্রহের লক্ষ্য অর্জনের পথেই রয়েছে।

অর্থবছরের দুই মাস পার হতে চলল এবং এই সময়ে অর্থ বিল ২০১৬-এর কোনো কিছু পরিবর্তন বা সংশোধনের খুব একটা সুযোগ নেই বলে জানিয়ে দেন অর্থমন্ত্রী। 

এনবিআর সদস্য পারভেজ ইকবাল বলেন, সরকারের দর্শন বাস্তবায়নে প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহে আগের যেকোনো সময়ের তুলনায় এনবিআর এখন বেশি মনোযোগী।

নাগরিকদের কাছ থেকে ন্যূনতম কর আদায়ের ওপর আয়কর অধ্যাদেশের ৮২সি ধারার কী প্রভাব পড়ছে—তা নিয়ে কথা বলেন পিডব্লিউসির ‘বাংলাদেশের কর ও নিয়ন্ত্রক সংস্থা’ অংশের নেতা সুস্মিতা বসু। 

সেমিনারে এ ছাড়া বক্তব্য দেন পিডব্লিউসির ‘পরোক্ষ কর’ বিভাগের অংশীদার (পার্টনার) পুলক সাহা এবং ‘ট্রান্সফার প্রাইসিং’ বিভাগের অংশীদার অশ্রুজিৎ মণ্ডল।