বাজেটের জন্য এফবিসিসিআই প্রস্তাব চেয়েছে

আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের দাবি-দাওয়াসংবলিত প্রস্তাব পাঠাতে সারা দেশের বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও চেম্বারগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এফবিসিসিআই থেকে গত মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে বাজেট প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়।
চিঠিতে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি শুল্কের বিষয়ে ব্যবসায়ীদের দাবি যৌক্তিক উপায়ে তুলে ধরতে বলা হয়েছে।
বাজেট সামনে রেখে প্রতিবছরই সারা দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে দাবি ও প্রস্তাব সংগ্রহ করে এফবিসিসিআই। সেসব প্রস্তাব সংকলিত করে তা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়ে দেওয়া হয়। এ নিয়ে একটি পরামর্শ সভাও আয়োজন করে সংগঠনটি।
ব্যবসায়ী প্রস্তাবের সঙ্গে সমন্বয় রেখেই যেন বাজেট প্রণয়ন করা হয় সে জন্যই এই প্রয়াস চালায় ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি।