বাজেটের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় কর্তার মাথায় হাত!
বড় কর্তার মাথায় হাত!

বড় কর্তার মাথায় হাত!
বিশাল বেতনে চাকরি করেছেন, বছরের পর বছর হম্বিতম্বি করে চলেছেন। অবসরে যাওয়ার সময় কিংবা চাকরি ছাড়ার সময় এমন বড় কর্তাদের মাথায় হাত দিতে হবে। কারণ, আড়াই কোটি টাকার বেশি গ্র্যাচুইটি বা পারিতোষিক পেলে কর দিতে হবে। অর্থাৎ পারিতোষিকের টাকাও অন্যান্য আয়ের সঙ্গে যোগ করে কর বসানো হবে।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাবই দিয়েছেন অর্থমন্ত্রী। তবে পারিতোষিক বাবদ পাওয়া অর্থের পরিমাণ আড়াই কোটি টাকার কম হলে কর দিতে হবে না। উচ্চ বেতনধারী চাকরিজীবীরাই এ ধরনের করের আওতায় আসবেন।

চলচ্চিত্রপ্রেমীদের সুখবর
চলচ্চিত্রপ্রেমীদের সুখবর

চলচ্চিত্রপ্রেমীদের সুখবর
চলচ্চিত্র-প্রেমীদের সুখবর দিলেন শিল্পানুরাগী অর্থমন্ত্রী। চলচ্চিত্র প্রদর্শক বা সিনেমা হল মালিকদের এখন থেকে আর মূল্য সংযোজন কর (মূসক) দিতে হবে না। আগে হল মালিকদের চলচ্চিত্র দেখানোর মতো সেবার ওপর ৩৫ শতাংশ মূসক আরোপ ছিল। এবার তা প্রত্যাহার করে নিলেন অর্থমন্ত্রী। এর ফলে হল মালিকদের খরচ কমবে। সিনেমার টিকিটের দামও কমাতে পারেন তাঁরা।

এতিমখানার মূসক মাফ
এতিমখানার মূসক মাফ

এতিমখানার মূসক মাফ
এতিমখানার মতো সেবামূলক কার্যক্রমকে মূল্য সংযোজন কর (মূসক) থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মূসক আইনের দ্বিতীয় তফসিলের অব্যাহতিপ্রাপ্ত সমাজকল্যাণমূলক সেবা প্রতিষ্ঠানের তালিকায় এবার সরকারি ও বেসরকারি এতিমখানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এত দিন এতিমখানা পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নিয়মিত হারে মূসক দিতে হতো।

ই-টিআইএন নিলেই শেয়ারে বেশি লাভ
ই-টিআইএন নিলেই শেয়ারে বেশি লাভ

ই-টিআইএন নিলেই শেয়ারে বেশি লাভ
১২ সংখ্যাবিশিষ্ট ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) থাকলে শেয়ারধারীরা বেশি লভ্যাংশ পাবেন। ই-টিআইএন থাকলে লভ্যাংশ বাবদ প্রাপ্ত অর্থের ওপর ১০ শতাংশ উৎসে কর কাটা হবে। আর ই-টিআইএন না থাকলে এ হার হবে ১৫ শতাংশ। অর্থাৎ ই-টিআইএনধারীরা বেশি মুনাফা পাবেন। উৎসে কর কেটে রেখে ওই করদাতার হিসাবে লভ্যাংশের অর্থ জমা করবে সংশ্লিষ্ট কোম্পানি।

দাম বাড়বে পিস্তলের
দাম বাড়বে পিস্তলের

দাম বাড়বে পিস্তলের
পিস্তল ও রিভলবার আমদানিতে খরচ বাড়বে। এ দুটি অস্ত্র আমদানির সময় সম্পূরক শুল্ক দিতে হবে ১৫০ শতাংশ। এতে পিস্তলের দাম বেশি পড়বে। আগে এ সম্পূরক শুল্ক হার ছিল ১০০ শতাংশ। তবে আমদানি শুল্ক হার আগের মতোই ২৫ শতাংশ রয়েছে।

আকাশে উড়লে কর
আকাশে উড়লে কর

আকাশে উড়লে কর
আপনি বিমানে ভ্রমণ করবেন। উপায় নেই, এখানেও আপনাকে কর দিয়ে বিমানে উঠতে হবে। টিকিট কাটার সময় ফুয়েল চার্জসহ ভাড়া মূল্যের ওপর শূন্য দশমিক ৩ শতাংশ হারে কর দিতে হবে। আপনি করযোগ্য না হলেও এ কর দিতেই হবে। এতে বিমানে খরচ বাড়বে। এ ক্ষেত্রে বিপাকে পড়বেন প্রবাসী শ্রমিকেরা। তাঁদের আয় করমুক্ত। একই হারে কার্গো বা পণ্য পরিবহনের ভাড়ার ওপরও উৎসে কর বসানো হয়েছে।

পাওয়ার ব্যাংক সুলভ হবে
পাওয়ার ব্যাংক সুলভ হবে

পাওয়ার ব্যাংক সুলভ হবে
মুঠোফোন চার্জ দেওয়ার জন্য ‘পাওয়ার ব্যাংক’-এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ভ্রমণকালে কিংবা যেখানে বিদ্যুৎ-সুবিধা নেই, এমন জায়গায় মুঠোফোনে চার্জ দিতে পাওয়ার ব্যাংক অপরিহার্য হয়ে উঠছে। সুখবর হলো, পাওয়ার ব্যাংকের দাম কমতে পারে। নতুন বাজেটে পাওয়ার ব্যাংকের আমদানি শুল্ক হার ২৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

ফটোগ্রাফিশিল্পে খানিকটা স্বস্তি
ফটোগ্রাফিশিল্পে খানিকটা স্বস্তি

ফটোগ্রাফিশিল্পে খানিকটা স্বস্তি
সবার হাতেই এখন মুঠোফোন। তা দিয়েই যখন খুশি ছবি তুলছেন। আর কম্পিউটারে সংরক্ষণ করছেন। ফলে একসময় রমরমা থাকা ফটোগ্রাফি স্টুডিওতে এখন আর কেউ ছবি তুলতে যান না। দরকার না পড়লে ছবিও প্রিন্ট করান না। এই শিল্পও রুগ্ণ হয়ে
পড়েছে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বিষয়টি স্বীকার করেছেন। তাই ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে ফটোগ্রাফিশিল্পের ওপর বিদ্যমান মূল্য সংযোজন কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।