জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বিকেলে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হচ্ছে। এটি মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবরের মতো এবারও পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন। সংসদে এদিন বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, সম্পূরক আর্থিক বিবৃতি, মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি, খাতওয়ারি বাজেট বরাদ্দ, জেলা বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, মঞ্জুরি ও বরাদ্দের দাবিগুলো, মধ্যমেয়াদি বাজেট কাঠামোসহ বিভিন্ন ধরনের বিবৃতি-বিবরণী সরবরাহ করা হবে।
তবে বাজেটকে আরও অংশগ্রহণমূলক করতে এসব তথ্য অর্থ বিভাগের ওয়েবসাইটেও (www.mof.gov.bd) প্রকাশিত হবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজেটের এসব দলিল এখান থেকে নামিয়ে নিতে বা ডাউনলোড করতে পারবে।
অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে বাজেটের ওপর মতামত ও সুপারিশ চেয়েছে। মন্ত্রণালয় বলেছে, ওয়েবসাইটে পাওয়া মতামত ও সুপারিশ প্রস্তাবিত বাজেট চূড়ান্তভাবে অনুমোদনের সময় বিবেচনা করা হবে।
অর্থ বিভাগ ছাড়াও সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.bangladesh.gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd), www.imed.gov.bd, www.bdpressinform.org, www.pmo.gov.bd এবং বেসরকারি একটি ওয়েবসাইটে (www.bdnews24.com) বাজেটসংক্রান্ত তথ্য পাওয়া যাবে।