বাজেটের পর প্রথম কার্যদিবসে কমছে সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের পর আজ রোববার শেয়ারবাজারের প্রথম কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ পয়েন্টের মতো। তবে লেনদেনের শুরুতে সূচকটি ১৭ পয়েন্ট পর্যন্ত কমে।

কমেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআইও। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই সূচকটি কমেছে ৪১ পয়েন্ট।

ডিএসইতে ওই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১ হাজার ১১৮ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত আছে ৩৬টির দর। এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, ইফাদ অটোজ, রূপালী ইনস্যুরেন্স, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, এস এস স্টিল, ফেডারেল ইনস্যুরেন্স, বিডি থাই, রবি, সোনার বাংলা ইনস্যুরেন্স ও ঢাকা ইনস্যুরেন্স।

অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৯০টির ও অপরিবর্তিত আছে ১৮টির দর।