বছরের পর বছর লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় বাজেটের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এ আশঙ্কা করেছেন।
এদিকে, ঋণ নেওয়ার জন্য বেসরকারি খাত থেকে ভালো প্রস্তাব না আসায় বিনিয়োগের করুণ অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের অর্থনীতিবিদেরা। তাঁরা বলেছেন, ফলে ব্যাংকের তহবিল অলস পড়ে থাকছে। আবার বিভিন্ন বিল পরিশোধের ক্ষেত্রে তৈরি হচ্ছে আন্তব্যাংক অনাস্থা। অর্থাৎ এক ব্যাংক থেকে একটি বিল এলে, অন্য ব্যাংক তা পরিশোধে দ্বিধা করছে। কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ব্যবস্থায়ও ঘাটতি রয়েছে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাজেট-উত্তর আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার, রাজস্ব আদায় ইত্যাদিতে কয়েক বছর থেকেই দেখা যাচ্ছে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এতে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে। এর খারাপ দিকটা হচ্ছে, বাজেটকে মানুষ হালকাভাবে নিতে শুরু করবে, যার পরিণতি হবে ভয়াবহ।
ব্যাংক খাত থেকে আগামী ২০১৪-১৫ অর্থবছরে বড় অঙ্কের ঋণ নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম জানান, ব্যাংক থেকে সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণ যে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ হয়, দুই বছর আগেই তার প্রমাণ পাওয়া গেছে। ২০১০-১১ অর্থবছরে বেশি ব্যাংকঋণ নেওয়ার কারণেই ২০১১-১২ অর্থবছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল ১০ দশমিক ৬ শতাংশ। এই হার গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
বাজেট প্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছরের জন্য ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা ৩১ হাজার ২২১ কোটি টাকা। প্রকৃত ঋণ অবশ্য এই অঙ্ক ছাড়িয়েও যেতে পারে। চলতি অর্থবছরে যেমন ব্যাংকঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ২৫ হাজার ৯৯৩ কোটি থেকে চার হাজার কোটি টাকা বাড়িয়ে ২৯ হাজার ৯৮২ কোটি টাকা করা হয়।
মির্জ্জা আজিজ বলেন, আগামীবার মূল্যস্ফীতির অবস্থা কী হবে, বাজেট বক্তব্যে তা উল্লেখই করেননি অর্থমন্ত্রী। শুধু বলেছেন, বর্তমানের চেয়ে কম হবে। সর্বশেষ গত এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৬ শতাংশ।
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং রাজস্ব আদায় কম হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রায়ই রাজনৈতিক সহিংসতাকে দায়ী করা হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এম এ তসলিম বলেন, ‘বেসরকারি খাত কিন্তু তিন বছর ধরেই এগিয়ে আসছে না। আর এই শূন্যতা পূরণের চেষ্টা করা হচ্ছে সরকারি বিনিয়োগ দিয়ে।’
পুঁজিবাজারে ধস, ডেসটিনির মতো বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানির প্রতারণা এবং ব্যাংক খাতে ব্যাপক দুর্নীতি-বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।
পুঁজিবাজারে ১০-২০ লাখ টাকা মুনাফার ওপর ৩ শতাংশ এবং ২০ লাখ টাকার বেশি মুনাফার ওপর ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব এসেছে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে।
ফারুক আহমেদ সিদ্দিকী নীতিগতভাবে একে সমর্থন করে বলেন, ‘১০ লাখ টাকা মুনাফা করলে ৩০ হাজার টাকা কর দেওয়াটা যৌক্তিক৷’ তবে তাঁর আপত্তি সময়টা নিয়ে। বলেন, ২০১০ সালের ধসের পর বিনিয়োককারীরা এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেননি। পরের বছর থেকে এটি কার্যকর হতে পারে।
উচ্চাভিলাষী বাজেট প্রসঙ্গ: আলোচনার একপর্যায়ে প্রায় সবাই অংশ নেন প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী কি উচ্চাভিলাষী নয়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক জায়েদ বখত জানান, প্রস্তাবিত বাজেট মোটেই উচ্চাভিলাষী নয়। অর্থ ব্যয় হয় না বলে যে বলা হয়, এটাও ঠিক নয়।
এম এ তসলিম বলেন, বাজেট এলেই কিছুসংখ্যক মন্তব্যকারী একে উচ্চাভিলাষী বলে অ্যাখ্যা দেন এবং প্রয়োজনীয় আলোচনা বাদ দিয়ে সবাই এ নিয়েই কথা বলতে থাকেন।
ইআরএফের সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় আলোচনায় উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও ইফাদ গ্রুপের পরিচালক তাফসিন আহমেদ অংশ নেন। এতে ধন্যবাদ বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।