
রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলোতে বাজেটের প্রভাব পড়েনি। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পরদিন গতকাল শুক্রবার বাজারে বেশির ভাগ পণ্যের দামই ছিল স্থিতিশীল। অবশ্য কয়েকটি পণ্যের দাম আগের সপ্তাহেই বেড়েছিল।সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকালের বাজার প্রতিবেদনেও বাজেট-পরবর্তী মূল্যবৃদ্ধির কোনো উল্লেখ নেই।গত বৃহস্পতিবার আগামী অর্থবছরের (২০১৩-১৪) প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। বাজেটে আমদানি করা গুঁড়া দুধসহ বেশ কিছু নিত্যপণ্যের শুল্কহার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এসব পণ্যের দাম বাড়তে পারে। তবে গতকাল গুঁড়া দুধসহ এসব পণ্যের ক্ষেত্রে এই প্রস্তাবের তাৎক্ষণিক প্রভাব দেখা যায়নি।অবশ্য গত সপ্তাহে হঠাৎ করে ব্র্যান্ডভেদে গুঁড়া দুধের দাম কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছিল। গুঁড়া দুধের একাধিক কোম্পানির বিপণন কর্মকর্তা তখন জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে দর বাড়ার কারণে দেশের বাজারে দাম বেড়েছে।মিরপুরের একাধিক ডিপার্টমেন্ট স্টোরের বিক্রয়কর্মীরা জানান, গুঁড়া দুধসহ মোড়কজাত পণ্যের দাম মোড়কে লেখা থাকে। ওই দামেই বিক্রি করতে হচ্ছে। একই কারণে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টিরও সুযোগ নেই। কোম্পানির পক্ষ থেকে এসব পণ্যের মোড়কে নতুন দাম লেখা হলে তাঁরাও ওই দামে বিক্রি করবেন।গতকাল একাধিক দোকানে ফ্রেশ ব্র্যান্ডের প্রতিটি ৪০০ গ্রাম গুঁড়া দুধের প্যাকেট ২০৫ টাকা, ডানোর একই ওজনের প্যাকেট ২৪০ টাকা, মার্কসের একই ওজনের প্রতি প্যাকেট ২১০ টাকায় বিক্রি হয়েছে।ডানো গুঁড়া দুধ বাজারজাতকারী প্রতিষ্ঠান আরলা ফুডসের কান্ট্রি ম্যানেজার আহমদ কবীর গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বাজেটে আমদানি করা গুঁড়া দুধের শুল্কহার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো আমরা পাইনি। ফলে বুঝতে পারছি না, কোন ধরনের গুঁড়া দুধের ওপর এর প্রভাব পড়বে। কাগজ হাতে পেলেই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে।’
মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া ও কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০ টাকায় বিক্রি হয়েছে। বিক্রেতারা জানান, চলতি মাসের প্রথম দিন থেকে ব্রয়লার মুরগির দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। সেই দাম অপরিবর্তিত রয়েছে।
মসলার বাজারও ছিল স্থিতিশীল। এ ছাড়া প্রতি কেজি দেশি মসুর ডাল ১০৫ টাকা, আমদানি করা মসুর ডাল ৮০ টাকা, দেশি মুগ ডাল ১১৫ টাকা, আমদানি করা মুগ ডাল ৮৫ টাকায় বিক্রি হয়েছে।
টিসিবির প্রতিবেদনে অনুযায়ী, পেঁয়াজ, ব্রয়লার মুরগি, ডিম ও আদার দাম বেড়েছে। তবে এই দাম বেড়েছে বাজেটের আগেই।
গতকাল একাধিক বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে ৩২ থেকে ৩৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে প্রতি কেজি পটোল ২৮ থেকে ৩০ টাকা, টমেটো ৩৫ থেকে ৪০ টাকা, কাঁকরোল ৩০ টাকা, ঢ্যাঁড়স ২৫ টাকায় বিক্রি হয়।
কারওয়ান বাজারে আকারভেদে প্রতি জোড়া ইলিশ ৮০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। তবে একসঙ্গে কয়েক জোড়া ইলিশ কিনলে দামে কিছুটা ছাড়ও দেন বিক্রেতারা। তাঁদের মতে, পচনশীল বলে মাছের দাম কখনো এক জায়গায় স্থির থাকে না।
এ ছাড়া অন্যান্য মাছের মধ্যে আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়।