বাজেটের লক্ষ্য অর্জন কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা, কাঠামোগত সীমাবদ্ধতা, বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে কৌশলগত দিকনির্দেশনার অভাব ও অনুন্নয়ন ব্যয়ের ব্যাপক বৃদ্ধি আগামী বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হয়ে দাঁড়াবে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ আগামী ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেটকে এভাবেই মূল্যায়ন করছে। প্রতিষ্ঠানটি মনে করে, বাজেট বক্তৃতায় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জগুলো সুনির্দিষ্ট হলেও এতে বিচক্ষণ ও দূরদর্শী সমাধানের উপায় অনুপস্থিত। এর ওপর ব্যক্তি খাতে বিনিয়োগের সুযোগ ব্যাহত হওয়ায় সব মিলিয়ে নতুন অর্থবছরের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।
গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, নতুন বাজেটে ঘাটতি লক্ষ্যমাত্রা ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা ধরা হলেও অর্থবছর শেষে তা বেড়ে ৯৯ হাজার ১৩ কোটি টাকায় পৌঁছাতে পারে। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও ৬ দশমিক ২ শতাংশ থেকে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
উন্নয়ন অন্বেষণ মনে করে, এই বাজেট সম্পূর্ণ বাস্তবায়নের সম্ভাবনা কম। কারণ, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হওয়া এবং বৈদেশিক উৎস থেকেও প্রস্তাবিত ২৪ হাজার ৩৩৪ কোটি টাকার ঋণ ছাড় পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।