বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) বলেছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ২০১৩-১৪ অর্থবছরের দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট বাস্তবায়ন করা হবে চ্যালেঞ্জের।
এফআইসিসিআই গতকাল শুক্রবার বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেছে। সংগঠনটি মনে করে, বাজেটের লক্ষ্যগুলো অর্জনে জোর তদারকির প্রয়োজন রয়েছে।
এফআইসিসিআই বিশেষ করে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ প্রদানসহ বাজেটের কিছু পদক্ষেপের প্রশংসা করেছে। তবে মানবসম্পদের উন্নয়নে অপরিহার্য বিবেচিত শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য খাতে তুলনামূলক কম বরাদ্দে উদ্বেগ জানিয়েছে।
একই সঙ্গে সংগঠনটি মনে করে, ব্যাংক খাত থেকে সরকার যে পরিমাণ ঋণ নেবে বলে প্রক্ষেপণ বা পরিকল্পনা করা হয়েছে তা বেসরকারি খাতে ঋণের প্রবাহে প্রভাব ফেলবে এবং চলমান তারল্য সংকটকে আরও সঙিন করতে পারে।
সংগঠনটি বিনিয়োগের জন্য ক্ষতিকর ও অযৌক্তিক কোম্পানির ন্যূনতম কর ও শেয়ার প্রিমিয়ামের ওপর থেকে কর প্রত্যাহার, ব্যক্তি পর্যায়ে লভ্যাংশ আয়ে কর অব্যাহতির সীমা বৃদ্ধি করাসহ বাজেটের কিছু পদক্ষেপের প্রশংসা করেছে।