আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, সেটি অর্জন করা সম্ভব হবে না বলে মনে করছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস। বাংলাদেশের বাজেট নিয়ে এক আর্থিক বিশ্লেষণে মুডিস জানিয়েছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে প্রায় ৩৪ শতাংশ বাড়ানো হয়েছে। এডিপি বাস্তবায়নের লক্ষ্য ৩৭ শতাংশ বৃদ্ধি করা হলেও তা বাস্তবায়ন করা কঠিন হবে।
লক্ষ্য অর্জিত না হওয়ার কারণ ব্যাখ্যায় মুডিস বলছে, গত পাঁচ বছরে রাজস্ব আদায়ে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৪ শতাংশ। সেটি এক লাফে বৃদ্ধি পেয়ে ৩৪ শতাংশ হওয়া খুবই কঠিন। বাংলাদেশের ঋণমানের সমপর্যায়ের দেশগুলোতে রাজস্ব আদায় এর চেয়ে অনেক বেশি। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় রাজস্ব আদায় বাড়াতে বড় ধরনের সংস্কারের ওপর জোর দিতে পরামর্শ দেওয়া হয়েছে মুডিসের বিশ্লেষণে।
এডিপির বিষয়ে মুডিসের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশে এডিপির পুরো বাস্তবায়ন করতে না পারার সমস্যাটি অনেক পুরোনো। প্রকল্প বাস্তবায়নে দক্ষতার অভাবের বিষয়টি বাংলাদেশের ঋণমানের জন্য সব সময়ই নেতিবাচক ভূমিকা রাখে।
আগামী বাজেটের ঘাটতির বিষয়ে মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছরে ঘাটতির পরিমাণ ছিল গড়ে ৩ দশমিক ৯ শতাংশ। এবার ঘাটতির পরিমাণ জিডিপির ৫ শতাংশ দেখানো হলেও এটি অনেকাংশে বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল। ঘাটতি পূরণে বিদেশি সাহায্যের যে প্রাক্কলন করা হয়েছে, সেটি অর্জন করাও বেশ কঠিন হবে।
নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইনের বিষয়ে মুডিসের বিশ্লেষণে বলা হয়েছে, এ আইন বাস্তবায়িত হলে সরকারের রাজস্ব আদায় বাড়বে। তবে সেটি পুরো মাত্রায় বাস্তবায়িত হলেও বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।