বাজেটের সংশোধন চায় এফবিসিসিআই

চলতি অর্থবছরের বাজেট কার্যকরের দুই মাস আট দিনের মাথায় মূল্য সংযোজন কর ও আয়করের কিছু বিষয় পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিবিসিসিআই)।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে এ দাবি জানায়।
লিখিত বক্তব্যে এফবিসিসিআই হাতে তৈরি পাউরুটি, বনরুটি ইত্যাদি প্রতি কেজি ১০০ টাকা পর্যন্ত মূল্য এবং প্লাস্টিকের জুতা ও রাবারের হাওয়াই চপ্পলের ওপর প্রতি জোড়া ১২০ টাকা মূসক অব্যাহতি চেয়েছে।
চলতি অর্থবছরে পোলট্রি ফিডের আয়ের ওপর কর ৩ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ এবং পোলট্রির খামারের আয়ের ওপর কর শূন্য থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। হাঁস-মুরগির হ্যাচারির ওপরও ১০ শতাংশ কর আরোপ করা হয়েছে। লিখিত বক্তব্যে সংগঠনটি এসব কর ৩ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছে।
সংগঠনটি আরও বলেছে, চলতি অর্থবছরের বাজেটে ৮০ লাখ টাকা সর্বোচ্চ টার্নওভারের শর্তাধীনে মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ হারে ২৮ হাজার টাকা সর্বোচ্চ মূসক নির্ধারণ করা হয়েছে। আবার মেট্রোপলিটন এলাকায় টার্নওভার সুবিধা বাতিল করা হয়েছে। ফলে ক্ষুদ্র শিল্প, ব্যবসা ও দোকান পর্যায়ের প্যাকেজ মূসক ও টার্নওভার কর সম্পূর্ণ অকার্যকর ও অপ্রাসঙ্গিক কার্যক্রমে পরিণত হয়েছে।
বৈঠকের পর এফবিসিসিআইয়ের দাবি বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তাঁদের সঙ্গে বিশদ আলোচনা হলো। বাজেটে কিছু পরিবর্তনের বিষয়ে তাঁরা প্রস্তাব দিয়েছেন। আমি বলেছি, আপনারা লিখিতভাবে দিয়েছেন, দেখব। তারপর ঠিক করব, কী করা যায়।’
আবদুল মাতলুব আহমাদ সাংবাদিকদের বলেন, প্রত্যেক ব্যবসায়ীই কর-মূসক দিতে চান, কিন্তু হয়রানি চান না। মনে রাখতে হবে যে মূসক পদ্ধতি সারা বিশ্বেই ভালো পদ্ধতি।
হয়রানির শিকার হচ্ছেন কি না জানতে চাইলে মাতলুব আহমাদ বলেন, তিনি (অর্থমন্ত্রী) বলেছেন মানুষে মানুষে ভেদাভেদ হয়। কিছু মানুষ দুষ্টু প্রকৃতির হয়, কিছু মানুষ ভালো হয়। আর চলার পথে কাঁটা থাকবেই। তবে তিনি স্পষ্টই জানিয়েছেন যে কোনো হয়রানি সহ্য করবেন না।
আগামী অর্থবছর থেকে মূসক আইন কার্যকরের ব্যাপারে আপত্তি আছে কি না—জানতে চাইলে জবাব দেন বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেন, ‘মূসকের হিসাব রাখাটা ছোট ব্যবসায়ীদের পক্ষে কঠিন। তবে সক্ষম হওয়ার জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব।’