বাজেটের স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে
বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের বাজেটের স্বচ্ছতা ক্রমশ বাড়ছে। জনগণের কাছে বাজেট ক্রমেই উন্মুক্ত হচ্ছে। তবে তা এখনো সন্তোষজনক পর্যায়ে উপনীত হয়নি। এ জন্য সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।গতকাল সোমবার ঢাকায় ‘উন্মুক্ত বাজেট সূচক-২০১০’-এর প্রকাশনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। বেসরকারি গবেষণা সংস্থা সমুন্নয় ও উন্নয়ন সমন্বয় এর আয়োজন করে। ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ (আইবিপি) দ্বিবার্ষিকভিত্তিতে এই সূচক প্রকাশ করে থাকে।উন্নয়ন সমন্বয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম খালেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আ হ ম মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য দেন সমুন্নয়ের এ কে এম মুকসুদুল আলম। অনুষ্ঠানে উন্মুক্ত বাজেট সূচক প্রতিবেদনের মূল বিষয়গুলো তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবু ইউসুফ। এতে তিনি বলেন, ২০১০ সালে বিশ্বের ৯৪টি দেশের ওপর বাজেটের স্বচ্ছতা ও উন্মুক্ততাসংক্রান্ত জরিপ পরিচালনা করে আটটি মূল মানদণ্ডের ভিত্তিতে দেশগুলোর বাজেটের উন্মুক্ততা নির্ণয় করা হয়েছে।আবু ইউসুফ জানান, এবারের বাজেটের উন্মুক্ততার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যে কিনা ১০০-এর মধ্যে ৯২ পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড (৯০)। এ ছাড়া যুক্তরাজ্য (৮৭), ফ্রান্স (৮৭), নরওয়ে (৮৩), সুইডেন (৮৩) ও যুক্তরাষ্ট্র (৮২)। তবে এই সাতটি দেশই তাদের বাজেট সম্পর্কে জনগণকে ব্যাপক তথ্য প্রদানকারী হিসেবে শীর্ষ শ্রেণীভুক্ত হয়েছে। দ্বিতীয় শ্রেণীটি হলো বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এমন দেশগুলো। এই শ্রেণীতে দক্ষিণ এশিয়া ভারত ও শ্রীলঙ্কা স্থান পেয়েছে। উভয় দেশেরই প্রাপ্ত মান ৬৭।এরপর রয়েছে বাজেট সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করে বা কিছুটা উন্মুক্ত এমন শ্রেণী। এই শ্রেণীতেই বাংলাদেশের অবস্থান। আর ১০০-এর মধ্যে বাংলাদেশ পেয়েছে ৪৮। ২০০৮ সালে বাংলাদেশের প্রাপ্ত মান ছিল ৪২, যা ২০০৬ সালে ছিল ৩৯। চতুর্থ শ্রেণীতে রয়েছে বাজেট সম্পর্কে ন্যূনতম তথ্য প্রকাশকারী দেশগুলো। আর সর্বশেষ শ্রেণীতে রয়েছে বাজেট সম্পর্কে, যারা বলতে গেলে কোনো তথ্যই প্রকাশ করে না এমন দেশগুলো।বাংলাদেশের মান বৃদ্ধি প্রসঙ্গে আবু ইউসুফ বলেন, বাংলাদেশের বাজেটের দলিলগুলো আগের তুলনায় অনেকটাই উন্মুক্ত করা হয়েছে। ওয়েবসাইটে প্রায় সব দলিলই পাওয়া যায়। সরকার জাতীয় সংসদে ত্রৈমাসিকভিত্তিতে বাজেট বাস্তবায়নের হালনাগাদ চিত্র তুলে ধরছে। এসবই মান বৃদ্ধিতে সহায়ক হয়েছে। তবে তিনি এ-ও বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ ও সর্বোচ্চ নিরীক্ষা সংস্থা বাজেট প্রণয়ন-পরিমার্জনে তেমন একটা অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারে না। বাজেট নিয়ে সংসদে আলোচনাও অল্প সময়ের জন্য হয়। তবে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল এই পর্যবেক্ষণের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, বাজেট আসলে সংসদ দ্বারাই প্রণীত ও অনুমোদিত হয়। সংসদীয় স্থায়ী কমিটি বাজেট প্রণয়নের কাজ তদারক করে থাকে। মোস্তফা কামাল আরও বলেন, সমাজের বিভিন্ন অংশের সঙ্গে বাজেট প্রণয়নের আগে আলোচনা করা হয়। কাজেই তাদের চাহিদা ও মতের প্রতিফলন ঘটে থাকে। বাংলাদেশের বাজেটে আরও স্বচ্ছতা আনতে জাতীয় সংসদের বাজেট অনুমোদনের ১৫ দিনের মাথায় চূড়ান্ত রূপটি সংক্ষিপ্ত আকারে ভবিষ্যতে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, বিরোধী দল সংসদের অধিবেশনে যোগ না দিলেও সংসদীয় কমিটিগুলোর বৈঠকে যোগদান করছে, যা ইতিবাচক।সভাপতির ভাষণে ইব্রাহীম খালেদ বলেন, বাংলাদেশের গণমাধ্যমে বাজেটের বিভিন্ন দিক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন হয়ে থাকে। এর ফলে জনগণের কাছে বাজেটের উন্মুক্ততা বাড়ে। তাই সূচক নির্ণয়ে এ বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।ইব্রাহীম খালেদ শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিগুলোকে বাজেটের আগে তাদের বিষয়গুলো নিয়ে মতবিনিময় ও আলোচনার পরামর্শ দেন।উল্লেখ্য, আঞ্চলিক পর্যায়ে উন্মুক্ত বাজেট সূচক-২০১০-এর প্রতিবেদন আগামীকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।