বাজেটের স্বচ্ছতায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে
স্বচ্ছতার দিক থেকে বাংলাদেশের বাজেট দক্ষিণ এশিয়ায় শীর্ষে। এ ক্ষেত্রে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ।
এই তথ্য ওপেন বাজেট জরিপ ২০১৫-এর। বিশ্বব্যাপী গতকাল বৃহস্পতিবার জরিপটি প্রকাশিত হয়েছে। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ ১০২টি দেশের ওপর এ জরিপ করেছে। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের বাজেট পর্যালোচনার মাধ্যমে কাজটি করে থাকে।
জরিপের তথ্যে অবশ্য খুশি হওয়ার কারণ নেই। কারণ বাংলাদেশ ১০০ নম্বরের মধ্যে ৫৬ পেয়েছে। স্কোর ৬০-এর নিচে থাকার মানে হলো ওই বাজেট যথেষ্ট পরিমাণ স্বচ্ছ নয়।
অর্থাৎ দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে থাকলেও বাংলাদেশের বাজেট যথেষ্ট স্বচ্ছ নয়। বাজেটের সীমিত তথ্যই এ দেশের মানুষকে জানানো হয়।
জরিপের আরেকটি তথ্য বিষয়টি ভালোভাবেই বুঝিয়ে দেবে। বাজেট প্রণয়ন-প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের দিক থেকে বাংলাদেশের পয়েন্ট ১০০-এর মধ্যে মাত্র ২৩। মানে হলো, বাংলাদেশের বাজেটে জনগণের সম্পৃক্ততা খুবই কম। তাতেও অবশ্য দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের চেয়ে এগিয়ে কেবল আফগানিস্তান।
বাংলাদেশের অংশের জরিপটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবু ইউসুফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাজেট প্রক্রিয়ায় আমাদের বেশ অগ্রগতি হয়েছে। বাজেট ডকুমেন্টস এখন অনেক উন্মুক্ত। ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হয়। তবে জনগণের সম্পৃক্ততা এখনো কম। এটি বাড়ানো গেলে বিশ্বে আমাদের অবস্থান আরও ভালো হবে।’
এ নিয়ে পঞ্চমবারের মতো এই জরিপ প্রকাশ করল ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ। এর আগে ২০১২ সালে একই জরিপ প্রকাশ করা হয়েছিল, যেটাতে বাংলাদেশ সার্বিকভাবে ১০০ নম্বরের মধ্যে ৫৮ পেয়েছিল।
জরিপে বাজেটে স্বচ্ছতাকে পাঁচটি ভাগ করা হয়েছে। ৮১-১০০ নম্বর পেলে তা ব্যাপকভাবে স্বচ্ছ, ৬১-৮০ মোটামুটি স্বচ্ছ, ৪১-৬০ সীমিত স্বচ্ছ, ২১-৪০ ন্যূনতম স্বচ্ছ। কোনো বাজেট ০-২০ নম্বর পেলে তাতে স্বচ্ছতা নেই বললেই চলে।
জরিপ বলছে, বাজেট-স্বচ্ছতার দিক থেকে বৈশ্বিক গড় নম্বর হচ্ছে ৪৫। এদিক থেকেও বাংলাদেশ এগিয়ে আছে। বাংলাদেশ পেয়েছে ৫৬। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারত ৪৬, পাকিস্তান ৪৩, আফগানিস্তান ৪২, শ্রীলঙ্কা ৩৯ ও নেপাল ২৪ পেয়েছে।
জরিপে যে নম্বরের কথা বলা হয়েছে তা এসেছে তিনটি ক্ষেত্র থেকে। এক. জনগণের সম্পৃক্ততা। দুই. আইনসভা বা সংসদের তদারকি। তিন. নিরীক্ষা কর্তৃপক্ষের মাধ্যমে তদারকি। এই তিনটি অবস্থানের নিরিখেই নির্ধারিত হয় একটি দেশের বাজেট কতটুকু স্বচ্ছ।
জরিপমতে, বাজেটে জনগণের সম্পৃক্ততায় বাংলাদেশের অবস্থান একদম নিচের সারিতে। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বৈশ্বিক গড়ের চেয়েও কম। বাংলাদেশের নম্বর ১০০-এর মধ্যে ২৩। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে কেবল আফগানিস্তান (২৭)। ভারত ও নেপাল ১৯, শ্রীলঙ্কা ১৫ এবং পাকিস্তান ১০ পেয়েছে।
জরিপ বলছে, শুধু স্বচ্ছতা আনাই সুশাসন নিশ্চিত করার জন্য যথেষ্ট না। এ জন্য ব্যাপক ভিত্তিতে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। বাজেট প্রণয়ন-প্রক্রিয়ায় জনগণ আরও সম্পৃক্ত হলে বাজেটে স্বচ্ছতা আপনাআপনিই অনেক বেড়ে যাবে।
আইনসভা বা সংসদের তদারকির ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান বেশ দুর্বল। এ ক্ষেত্রে বাংলাদেশ নম্বর পেয়েছে ১০০-এর মধ্যে ৪৯।
জরিপ বলছে, বাংলাদেশে বাজেটের পরিকল্পনা পর্যায়ে আইনসভার তদারকি ও কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক। কিন্তু বাস্তবায়ন পর্যায়ে আইনসভার তদারকি খুবই দুর্বল। বাজেট প্রণয়নকারী কর্তৃপক্ষের তৈরি বাজেটটি আলোচনার জন্য অর্থবছর শুরুর অন্তত তিন মাস আগে আইনসভায় দেওয়া হয় না এবং সম্পূরক বাজেট বাস্তবায়নের আগে কোনো ধরনের অনুমোদনও নেওয়া হয় না।
তবে নিরীক্ষা কর্তৃপক্ষের মাধ্যমে বাজেট তদারকির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। এ ক্ষেত্রে বাংলাদেশ নম্বর পেয়েছে ১০০-এর মধ্যে ৭৫। জরিপ বলছে, এ ক্ষেত্রে বাংলাদেশের ভালো করার বড় কারণ হলো এখানকার নিরীক্ষা কর্তৃপক্ষের প্রধানকে চাইলেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যায় না। ফলে নিরীক্ষা কর্তৃপক্ষ অনেকটাই স্বাধীনভাবে কাজ করে এবং কর্তৃপক্ষের যদি মনে হয় কোনো বিষয়ে নিরীক্ষা হওয়া প্রয়োজন তাহলে সেটাও করতে পারে।
জরিপ অনুযায়ী, সবচেয়ে স্বচ্ছ বাজেট হয় নিউজিল্যান্ডে (১০০-এর মধ্যে ৮৮)। এর পরের চারটি স্থানে আছে সুইডেন (৮৭), দক্ষিণ আফ্রিকা (৮৬), নরওয়ে (৮৪) ও যুক্তরাষ্ট্র (৮১)। আর এ তালিকায় তলানিতে আছে সৌদি আরব, কাতার, মিয়ানমার, লেবানন ও ইরাক।