বাজেটের ১০ তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ প্রথম বাজেট বক্তব্যে বলেছিলেন, ‘বেতার ও টেলিভিশনের মাধ্যমে এই বাজেট প্রচার না করে নির্বাচিত গণপ্রতিনিধিদের সামনে উপস্থাপিত করতে পারলে আমি সুখী হতাম। তবে আমি আশা করি, এর পরে আর কোনো দিন এইভাবে আমাদের বাজেট প্রচার করতে হবে না।’
এর ঠিক চার বছরের মাথায় রেডিও-টেলিভিশনের মাধ্যমে বাজেট দিলেন সেনাবাহিনী প্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। পরে আরও ১০টি বাজেট দেওয়া হয় রেডিও ও টেলিভিশনে।
 এবারের বাজেট হবে ৪৪ বছরে বাংলাদেশের ৪৫তম বাজেট। কারণ, তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালের ৩০ জুন একই সঙ্গে ১৯৭১-৭২ ও ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন।
 সব মিলিয়ে ১২ জন অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বাজেট উপস্থাপন করেছেন।
 সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেছেন এম সাইফুর রহমান, ১২ বার। তাঁর দেওয়া প্রথম বাজেট ছিল ১৯৮০-৮১ অর্থবছরের।
 বাজেট উপস্থাপনে দ্বিতীয় অবস্থানে আছেন বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি প্রথম বাজেট দিয়েছিলেন ১৯৮২-৮৩ অর্থবছরে, এরশাদের অর্থমন্ত্রী হয়ে। এবারের বাজেট হবে তাঁর দেওয়া নবম বাজেট।
 টানা ছয় অর্থবছরের বাজেট উপস্থাপনের রেকর্ড করেছেন আবুল মাল আবদুল মুহিত। নতুন বাজেট হবে টানা সপ্তম বাজেট। এর আগে কেউ টানা পাঁচবারের বেশি বাজেট দিতে পারেননি।
 এক অর্থবছরে দুবার বাজেট উপস্থাপনের উদাহরণ আছে একবার। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ১৯৯৬-৯৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। তবে সেটি ছিল বাজেটের সামগ্রিক আর্থিক কাঠামো। এর পরে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়ে মূল আর্থিক কাঠামো ঠিক রেখে নতুন করে বাজেট উপস্থাপন করেন শাহ এ এম এস কিবরিয়া
 দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বাজেট বক্তব্য দেন আবুল মাল আবদুল মুহিত, ২০১২-১৩ অর্থবছরে, ১২৩ পৃষ্ঠার।
 বাজেট উপস্থাপন করা দেশের একমাত্র পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হচ্ছেন প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
 বাজেট বক্তব্যে আগে অর্থমন্ত্রীরা উদ্ধৃতি ব্যবহার করতেন। একই উদ্ধৃতি ব্যবহারের উদাহরণ একটাই। ১৯৮০-৮১ অর্থবছরের বাজেটে এম সাইফুর রহমান বক্তব্য শেষ করেছিলেন এভাবে—‘পৃথিবীর একটি সুপ্রাচীন দেশের একটি বিজ্ঞ উক্তির কথা মনে পড়ে: “হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপ দিয়েই।” আসুন আমরা সমবেত হয়ে সেই একটি পদক্ষেপ নেই।’
আবার শাহ এ এম এস কিবরিয়া ১৯৯৭-৯৮ অর্থবছরের বাজেট বক্তব্যের সব শেষে বলেছিলেন, ‘চীনা ভাষায় একটি প্রবাদে যথার্থই বলা হয়েছে, “হাজার মাইলের ভ্রমণ শুরু হয় একটি ক্ষুদ্র পদক্ষেপের মাধ্যমেই।” আমাদের গন্তব্য যত দুর্গমই হোক না কেন আমরা চলতে শুরু করেছি।’
শওকত হোসেন