বাটখারা বিএসটিআইর প্রতীকধারী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তারা যেন সঠিক ওজন ও পরিমাপে পণ্য পান, তা নিশ্চিত করতে সারা দেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের লোগোসংবলিত বাটখারা ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।
এ লক্ষ্যে শিগগিরই একটি গেজেট প্রকাশ হবে। গেজেট প্রকাশের পর বিএসটিআইয়ের লোগো ছাড়া বাটখারা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বিএসটিআইয়ের ২৯তম কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পণ্য ও সেবার গুণগতমান নির্ধারণ, উন্নয়ন ও সংরক্ষণে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নিতে রাজধানী তেজগাঁওয়ের মান ভবনে এ সভার আয়োজন করা হয়।
শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য ও ভোগ্যপণ্যে ফরমালিনসহ অন্যান্য ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়।
আবার শিল্পোদ্যোক্তাদের হয়রানি রোধে বিএসটিআই সুনির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাসহ অন্যান্য সেবা দেওয়া এবং ক্রেতাদের মধ্যে সঠিক ওজন ও পরিমাপের পণ্য সরবরাহ করতে বাটখারা তৈরি যথাযথ হয়েছে, তা বিএসটিআই পরীক্ষা করবে বলেও সিদ্ধান্ত হয়।
সভায় বিএসটিআইয়ের বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত পণ্য তালিকার মধ্য থেকে অপ্রয়োজনীয় পণ্য বাতিল ও গুরুত্বপূর্ণ পণ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্তও হয়। এটি আগামী তিন মাসের মধ্যে করতে হবে।
সভায় শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।