বাটেক্সপোয় সাড়ে ছয় কোটি ডলারের রপ্তানি আদেশ
সদ্য সমাপ্ত বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন থেকে (বাটেক্সপো) তৈরি পোশাকের ছয় কোটি ৫০ লাখ ডলারের তাৎক্ষণিক রপ্তানি আদেশ (স্পট অর্ডার) পাওয়া গেছে। গত বছর তাৎক্ষণিক আদেশের পরিমাণ ছিল চার কোটি ২০ লাখ ডলার। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে। খবর ইউএনবির।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মুহূর্তে তৈরি পোশাক রপ্তানিকারকেরা প্রায় ৮০ লাখ ডলারের রপ্তানি আদেশ সমঝোতা করছেন। আগামী দুই মাসের মধ্যে এই রপ্তানি আদেশগুলোর চুক্তি-প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদী জানান, সরকারের কাছ থেকে নীতি ও গ্যাস, বিদ্যুৎসহ অবকাঠামো-সহায়তা পাওয়া গেলে আগামী তিন বছরের মধ্যে তৈরি পোশাক রপ্তানি করে বছরে দুই হাজার কোটি ডলার আয় করা সম্ভব। এসব সুবিধার অভাবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা সত্ত্বেও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের বিশ্ববাজারে তিন শতাংশ অংশীদারি রয়েছে। সালাম মুর্শেদী জানান, শিগগিরই সরকার নতুন নীতি-সহায়তা ঘোষণা করবে। নিকট ভবিষ্যতে ব্রাজিল, চিলি ও আর্জেন্টিনায় বাংলাদেশের তৈরি পোশাকের বাজার সম্প্রসারিত হবে। এবারের বাটেক্সপো সম্পর্কে তিনি জানান, মেলায় ক্রেতারা বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের কাছে অনেক ধরনের প্রশ্ন করেছেন। তাঁরা বন্দরের আধুনিকায়নের ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। অনেক ক্রেতা বছরে দুইবার এ ধরনের মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন। প্যারিস, মিলান, লন্ডনের মতো বাংলাদেশেও মৌসুমভিত্তিক ফ্যাশন শোর আয়োজনের কথা ভাবা হচ্ছে। বিরোধী দল আহূত হরতাল সম্পর্কে বিজিএমইএর অবস্থান সম্পর্কে জানতে চাইলে আবদুস সালাম মুর্শেদী সংবাদ সম্মেলনে বলেন, ‘তৈরি পোশাক খাতকে বর্তমান বিরোধী দল হরতালের আওতামুক্ত রেখেছে। তবে হরতালে সার্বিকভাবে জনসাধারণ, দেশবাসী সবাই ক্ষতিগ্রস্ত হয়। অর্থনীতির ক্ষতি হয়। আমাদের খাতের জন্য এটা ক্ষতিকর। আমরা হরতালকে তাই সমর্থন করি না। করবও না।’আবদুস সালাম মুর্শেদী মভাী বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর উচিত হরতালের বিকল্প কী হওয়া উচিত সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া।’সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় বিভিন্ন দেশের ১৬২ জন ক্রেতা ও দুই হাজার ৮৭০ জন ক্রেতা প্রতিনিধি আসেন। যেসব দেশের ক্রেতা ও প্রতিনিধিরা মেলায় আসেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, রাশিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডস, তুরস্ক, সুইডেন, ইতালি, ফ্রান্স, জাপান, হংকং, ভারত, গ্রিস, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, কোরিয়া, সংযুক্ত আরব-আমিরাত ও উরুগুয়ে।