বাড়তি এক হাজার ডলার নিতে পারবেন হজযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় একজন হজযাত্রী এবার অতিরিক্ত এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন। আগের বছর যা ছিল ৫০০ ডলার।
সরকার হজের সার্বিক ব্যয়ের প্যাকেজ ঘোষণা করেছে। ধর্মমন্ত্রণালয় নির্ধারিত সব ধরনের খরচের অতিরিক্ত এ অর্থ হজযাত্রীরা সঙ্গে নিতে পারবেন উল্লেখ করে গত সোমবার বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছে নির্দেশনা পাঠিয়েছে।
নির্দেশনাতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী ব্যক্তিদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় আগ্রহী ব্যক্তিদের এক লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন করতে হবে। আর উভয় ব্যবস্থাপনার ক্ষেত্রে প্যাকেজ অনুযায়ী বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।
সরকার নির্ধারিত প্যাকেজ-১-এর আওতায় যাত্রীপ্রতি তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা মোট খরচ নির্ধারণ করা হয়েছে। আর প্যাকেজ-২-এর আওতায় দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা জমা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকগুলো প্রতি ডলার ৭৭ টাকা ১০ পয়সা এবং প্রতি সৌদি রিয়াল ২১ টাকা ধরে এই পরিমাণ টাকা জমা নেবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা কোরবানি খরচ বাবদ ৫০০ সৌদি রিয়ালের সমপরিমাণ ১০ হাজার ৫০০ টাকা সঙ্গে নিতে পারবেন।
আর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী মোয়াল্লেম ফি, বিমান ভাড়া, প্রশিক্ষণ ফি, স্থানীয় সার্ভিস চার্জসহ নিবন্ধন ফি বাবদ এক লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা জমা দিতে হবে। এ ছাড়া মিনা-আরাফায় মোয়াল্লেমের অতিরিক্ত সাভিস চার্জ, মক্কা-মদিনায় বাড়ি ভাড়া, হজযাত্রীর কোরবানি খরচ, হজ গাইড বাবদ খরচ ও খাওয়া খরচ হজ এজেন্সির প্যাকেজ অনুযায়ী নির্ধারিত হবে।
ফেরত আসার বিমানের টিকিটের বিষয়টি নিশ্চিত হয়ে এবং আন্তর্জাতিক পাসপোর্টে স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর ও আন্তর্জাতিক পাসপোর্ট এনডোর্সমেন্ট করে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ইস্যু করবে।