বাড়তি তিন সেন্ট দিলেই মজুরি দ্বিগুণ করা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পোশাক ক্রেতারা একটি টি-শার্টের জন্য সামান্য কিছু পয়সা খরচ করলেই বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মালিকেরা তাঁদের শ্রমিকের মজুরি দ্বিগুণ করতে পারেন। যুক্তরাজ্যের শ্রমিক সংগঠনগুলো এমন মন্তব্য করেছে।বাংলাদেশি কারখানার শ্রমিকনেতাদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ট্রেড ইউনিয়ন কংগ্রেস বলেছে, ঢাকার একটি কারখানার শ্রমিকের মজুরি সহজেই দ্বিগুণ করা সম্ভব। এ জন্য পোশাক কেনার সময় যুক্তরাজ্যের ক্রেতাপ্রতিষ্ঠানগুলোকে পোশাকপ্রতি মাত্র তিন সেন্ট বাড়িয়ে দিলেই চলবে। যুক্তরাজ্যে বাংলাদেশে তৈরি কম দামি শার্টগুলো ৩ থেকে ১৫ ডলারে বিক্রি হয়।সংগঠনটি বলেছে, বাংলাদেশের শ্রমিকেরা প্রতি ঘণ্টায় ছয়টি টি-শার্ট তৈরি করতে পারেন। আর এ জন্য মজুরি পান মাত্র ১৮ সেন্ট। এই পোশাকটাই বিশ্বের বড় বড় ব্র্যান্ড কিনে থাকে। সিএনএনে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গত শুক্রবার প্রকাশিত হয়।গত মাসে সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়া এবং তৈরি পোশাক কারখানায় কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় শ্রমিকের কাজের পরিবেশ উন্নত করা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক চাপের মুখে আছে। ওয়াল্ট ডিজনির মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে আর পোশাক না কেনারও ঘোষণা দিয়েছে।যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন কংগ্রেস বলেছে, আন্তর্জাতিক চাপের মধ্যে শ্রমিকের কাজের অনিরাপদ পরিবেশ এবং সাধারণ কাপড় ক্রেতাদের দর-কষাকষিতে পড়ে পোশাকের জন্য ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর কম মূল্য পরিশোধ—এই দুটি বিষয় বেশ জোরেশোরেই আলোচনায় আছে।ট্রেড ইউনিয়ন কংগ্রেস যুক্তরাজ্যের শ্রমিক সংঘভুক্ত ৬০ লাখ শ্রমিকের প্রতিনিধিত্বকারী। সংগঠনটির মহাসচিব ফ্রান্সিস ও’গ্র্যাডি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত যে দামে একটি পোশাক কিনি, তার নগণ্য একটি অংশ পান বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্মরত নারীরা।’ফ্রান্সিস ও’গ্র্যাডি বলেন, এই বড় ব্র্যান্ড ও খুচরা ক্রেতাপ্রতিষ্ঠানগুলোকে তাদের আচরণ পরিবর্তন করতে হবে।