
প্রথম আলো: যতটুকু শোনা যাচ্ছে, আগামী বাজেট হবে তিন লাখ কোটি টাকার। এত বড় অঙ্কের বাজেটকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
সাজ্জাদ জহির: প্রয়োজন বা চাহিদার কোনো শেষ নেই। সেই হিসাবে বাজেটকে যদি চাহিদার ভিত্তিতে (নিড বেইজড) বিবেচনা করা হয়, তাহলে এটাকে খুব বেশি উচ্চাভিলাষী বলা যাবে না। তবে বাজেটের দুটো অংশ থাকে। একটি রাজস্ব বাজেট, অন্যটি উন্নয়ন বাজেট। রাজস্ব চাহিদার কারণেই মূলত বাজেটের আকার প্রতিবছর অনেক বেড়ে যাচ্ছে। এই যে রাজস্ব ব্যয়, যেটা বছর বছর বাড়ছে, সেখানে অনেক বেশি সাশ্রয়ের সুযোগ আছে। দক্ষতা বাড়িয়ে কম জনবল দিয়েও অনেক বেশি কাজ করা যায়। সেটি না করে অনেক বেশি জনবল দিয়ে কাজ করাতে রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। তাতে রাজস্ব বা খাজনা আদায়ের নামে জনগণের ওপর নিপীড়ন হয়।
প্রথম আলো: তাহলে সরকারের করণীয় কী?
সাজ্জাদ জহির: এ ক্ষেত্রে সরকারের অনেক কিছুই করণীয় রয়েছে। অনেক দিন ধরেই জনপ্রশাসন খাতের সংস্কারের বিষয়টি বলা হচ্ছে। সংস্কারের নামে প্রতিষ্ঠানগুলোতে গৎবাঁধা কিছু কাজ করা হয় কিন্তু তার কোনো সুফল মেলে না। সরকারি কর্মকাণ্ডের সঙ্গে দক্ষ মানুষকে যুক্ত করে কম জনবল দিয়ে বেশি কাজ করানোর মতো কোনো সংস্কার কার্যক্রম খুব বেশি চোখে পড়ে না। এর ফলে রাজস্ব ব্যয়ের বড় একটি অংশ অপচয় হচ্ছে।
প্রথম আলো: উন্নয়ন বাজেটের ক্ষেত্রে কী ধরনের সমস্যা দেখতে পান আপনি?
সাজ্জাদ জহির: উন্নয়ন বাজেট বাস্তবায়নের সঙ্গে জনপ্রশাসন বা রাজস্ব বাজেটের একটি সম্পর্ক আছে। দেখা যাচ্ছে, সরকারের জনবলকাঠামো বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে তাদের বেতন-ভাতা। কিন্তু দক্ষতা বাড়ছে না। আবার বছর বছর বাড়ানো হচ্ছে উন্নয়ন বাজেটও। যাঁরা এ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন, তাঁদের দক্ষতার ঘাটতি রয়েছে। ফলে উন্নয়ন বাজেটটি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান বাস্তবতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ও সরকারি কর্মকর্তাদের যে ধরনের ডায়নামিক বা উদ্ভাবনী শক্তির দরকার, সেটির যথেষ্ট ঘাটতি রয়েছে। বরং এ ক্ষেত্রে অনেক বেশি অপচয় চোখে পড়ছে।
প্রথম আলো: আসন্ন বাজেটেও প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। সেই লক্ষ্যমাত্রা কতটা বাস্তবসম্মত?
সাজ্জাদ জহির: বাজেটে অনেকগুলো বিষয় থাকে অনুমিত। এ ছাড়া হিসাব মেলানোর বিষয়টিও থাকে। অনেক কিছু ধরে নেওয়া হয়। কিন্তু যাঁরা বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত, তাঁরাও জানেন বাজেটের সবকিছু পূরণ হবে না। আমার কাছে মনে হয়, সরকার যখন বাজেট করে তখন ভেতরে-ভেতরে একসঙ্গে দুটো বাজেটই তৈরি করা হয়। একটি জনগণের সামনে তুলে ধরা হয় নানা স্বপ্ন ও উন্নয়নকে সামনে রেখে। আরেকটি ভেতরে-ভেতরে বাস্তবতার নিরিখে করা হয়। অর্থ বিভাগের লোকজন জানেন কোথায় থেকে কত টাকা আসবে, তার ভিত্তিতেই মূলত তারা খরচের হিসাবটা করেন। রাজস্ব আদায়ের বড় অংশই আসে প্রত্যক্ষ কর থেকে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে জাতীয় রাজস্ব বোর্ডও কর আদায়ের সহজ পন্থা বেছে নেয়। আমি মনে করি, এ সময়টাতে ব্যবসায়ীদের কিছুটা সাশ্রয়ের সুযোগ বা ট্যাক্স রিলিফ দেওয়া উচিত। ব্যবসায়ীদের ওপর করের বোঝা না বাড়িয়ে বরং বিনিয়োগ বাড়ানোর দিকে সরকারের বেশি মনোযোগ দেওয়া উচিত।
প্রথম আলো: আপনি বলছেন আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে সহজ পন্থা বেছে নেয় জাতীয় রাজস্ব বোর্ড। এতে করে বিদ্যমান সাধারণ ও সৎ করদাতার ওপর তার প্রভাব গিয়ে পড়ে। সেটি কতটা যৌক্তিক?
সাজ্জাদ জহির: সাধারণভাবে যদি বলি তাহলে কর আদায় ব্যবস্থাটি এমন একটি ব্যবস্থা, যেখানে উচ্চ আয়ের লোকজনের কাছ থেকে কর নিয়ে তা নানা প্রকল্পের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে বণ্টন করে সরকার। বিষয়টি তো তেমনই ঘটে। ধরা যাক, কোনো ব্যক্তি নিজে যদি কর না দিয়ে সাধারণ মানুষের বেশি উপকার করতে পারেন তাহলে তিনি কর দিতে যাবেন কেন? এ ছাড়া সরকার যে কর আদায় করে সেটির সঠিক ব্যবস্থাপনা করতে পারছেন, তারই বা প্রমাণ কী? এ বাস্তবতায় আসলে একশ্রেণির করদাতার মধ্যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা তৈরি হয়। দুর্নীতিবাজদের মধ্যে এ প্রবণতা বেশি। আবার আমাদের সমাজে নানাভাবে এসব দুর্নীতিবাজ ক্ষমতাবানও। এসব দুর্নীতিবাজের কর ফাঁকির সঙ্গে আবার রাজস্ব বোর্ডের লোকজনের একধরনের দেনা-পাওনার সম্পর্কও গড়ে ওঠে। ফলে দেখা যায়, দিন শেষে বাড়তি রাজস্ব আদায়ের চাপটি এসে পড়ে সৎ করদাতাদের ওপরই।
প্রথম আলো: অনেক দিন ধরেই দেশে বিনিয়োগে একধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। কাঙ্ক্ষিত মাত্রায় দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে না। কেন বিনিয়োগ হচ্ছে না?
সাজ্জাদ জহির: প্রথমত কারণ হচ্ছে আমাদের দেশে বর্তমানে যে করনীতি আছে তা দেশীয় প্রতিষ্ঠানবান্ধব নয়। বরং অনেক ক্ষেত্রে তা দেশীয় প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য যথেষ্ট। তার বিপরীতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে নানা কর-সুবিধা দেওয়া হচ্ছে। ব্যক্তি পুঁজিকে বিনিয়োগে রূপান্তরিত করার মতো কোনো ব্যবস্থাই আমাদের দেশে এখন পর্যন্ত গড়ে ওঠেনি। ছোটখাটো বিনিয়োগ বাড়াতে হলে বড় ধরনের কিছু বিনিয়োগ দরকার। সরকারকেই এ ধরনের বিনিয়োগে এগিয়ে আসতে হবে। অবকাঠামো ও জ্বালানি খাতে এ ধরনের বিনিয়োগ দরকার। বিনিয়োগ বা উৎপাদনের জন্য যে ধরনের পরিবেশ বা নিশ্চয়তা দরকার, তা নেই। বর্তমানে সমাজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে সুশাসনের বড় অভাব রয়েছে। সুশাসনের অভাবে উৎপাদন প্রক্রিয়া, বাজার ব্যবস্থা, জীবনমান—কোথায়ও কোনো ধরনের নিশ্চয়তা নেই। সেই কারণে বিনিয়োগ হচ্ছে না।
প্রথম আলো: তাহলে কী সুশাসনের অভাবেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না?
সাজ্জাদ জহির: সুশাসনের অভাব যেমন রয়েছে তেমনি অংশগ্রহণমূলক রাজনীতিরও অভাব রয়েছে। এতে মেধা থাকার পরও আমরা সেসব মেধাকে যথাযথভাবে রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগাতে পারছি না।