বাণিজ্য অর্থায়নে গুরুত্বারোপ
বাণিজ্য বাড়াতে বাণিজ্য অর্থায়নের দিকে অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসকেল লামি।লামি বলেছেন, বাণিজ্য অর্থায়নের জন্য যে অর্থ দরকার, উন্নত ও অনুন্নত সব দেশেই তার ঘাটতি দেখা দিয়েছে। এ জন্য এখন দরকার আন্তর্জাতিক মূল্য সংযোজনে যুক্ত হওয়া। এ ছাড়া দরকার পণ্য আমদানি করে পুনরায় রপ্তানি করা এবং আঞ্চলিক বাণিজ্য বাড়ানো।‘বিশ্ব অর্থনীতির সামপ্রতিক অগ্রগতি ও বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা’ শীর্ষক সেমিনারের মূল আলোচক প্যাসকেল লামি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বিশেষ অতিথি ছিলেন। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সেমিনারে বাণিজ্যসচিব গোলাম হোসেন বক্তব্য দেন। স্বল্পোন্নত দেশগুলোকে তাদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও মনে করেন লামি। তিনি বলেন, উন্নত দেশগুলো মনে করছে, অনেক স্বল্পোন্নত দেশই এখন উন্নত দেশের মতো ভালো অর্থনৈতিক অবস্থায় চলে এসেছে। তাই আগের মতো বাণিজ্যে ছাড় না দিয়ে বরং তাদের সঙ্গে বিনিময়ে যাওয়ার সময় এসেছে।বাংলাদেশের প্রসঙ্গে প্যাসকেল ল্যামি বলেন, ডব্লিউটিওর নীতির আওতায় থেকে বাংলাদেশের অর্থনীতি বিকাশ লাভ করেছে। আরও ভালো করতে হলে রপ্তানি বাজারকে বহুমুখীকরণ করতে হবে। গড়ে তুলতে হবে বাণিজ্য অবকাঠামো । লামির মতে, বাংলাদেশকে এখন মূল্য সংযোজনের পরিমাণ বাড়াতে হবে। আন্তর্জাতিক মূল্য শৃঙ্খল বা ভ্যালু চেইনে যুক্ত হতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের তৈরি পোশাক খাত এই কাঠামোর মধ্যে প্রবেশ করেছে।অশুল্ক বাধাকে একটি ভিন্নধর্মী খেলা মন্তব্য করে প্যাসকেল বলেন, এসব বাধা যেন অতিক্রম করা যায় সেজন্য এগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে অশুল্ক বাধা দূর করা সম্ভব বলে মনে করেন তিনি।যুক্তরাষ্ট্র কেন শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে না—এমন এক প্রশ্নের জবাবে ডব্লিউটিওর মহাপরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা দেওয়া নিয়ে সে দেশের সরকারের উদাসীনতা রয়েছে। তবে কেন তারা এ সুবিধা দিচ্ছে না সেটা আমি বলতে পারব না।’সেমিনারে অর্থমন্ত্রী মুহিত বলেন, বর্তমান সময়ে বাণিজ্যে অর্থায়ন খুব গুরুত্বপূর্ণ হলেও তা কখনোই অর্থপূর্ণ হবে না, যদি না কিছু সহায়তা পাওয়া যায়। জি এম কাদের বলেন, বাণিজ্য উদারীকরণের জন্য অন্য দেশগুলোর সঙ্গে দর-কষাকষি করা এবং আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, দেশের পণ্য রপ্তানি ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমেছে। বিদেশি অর্থায়নও নগণ্য। তিনি বিশ্ব বাণিজ্যকে এগিয়ে নিতে একটি আন্তর্জাতিক অর্থব্যবস্থা গড়ে তোলার এবং স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আলাদা করার প্রস্তাব দেন।