বাণিজ্য ইস্যুতে হিলারি-ট্রাম্পের সমালোচনায় সাবেক অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী হ্যাঙ্ক পলসন বাণিজ্য ইস্যুতে তাঁর দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রার্থীর কঠোর সমালোচনা করেছেন। তিনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য-সংক্রান্ত দৃষ্টিভঙ্গি রক্ষণশীলতার বাগাড়ম্বর এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে চীনের সঙ্গে সম্পর্ক রাখাটাকেই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
হ্যাঙ্ক পলসন বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাণিজ্য ও ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট বা আন্তসীমান্ত বিনিয়োগ বড় উপাদানবিশেষ। অথচ বাণিজ্য ও আন্তসীমান্ত বিনিয়োগের বিষয়কেই ট্রাম্প ও হিলারি যেন বলির পাঁঠা বানিয়ে এগুলোকে অর্থনীতিতে সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করেছেন বলে অভিযোগ তুলেছেন পলসন।
হ্যাঙ্ক পলসন গত সোমবার সিএনবিসিকে এসব কথা বলেন। তিনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী ছিলেন। তিনি বলেন, বাণিজ্যের সুবাদেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তীকালে যুক্তরাষ্ট্রে পরিবারপ্রতি আয় বেড়েছে। তিনি বলেন, বাণিজ্যের কারণে আজকাল আর ব্যাপক হারে মানুষজনের চাকরি চলে যায় না। বরং কর্মক্ষেত্রে অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা ও প্রযুক্তিগত অগ্রগতির কারণেই চাকরিচ্যুতির ঘটনা বেশি ঘটে থাকে। এতে সমাজ যথেষ্ট উপকৃত হলেও শ্রমবাজারে সমস্যার সৃষ্টি হয়। কর্মসংস্থানের পরিবর্তে বেকারত্ব বাড়ে। মধ্যবিত্ত শ্রেণির অবস্থা খারাপ হতে থাকে।
হিলারি ও ট্রাম্প দুজনই ইতিমধ্যে নির্বাচনী প্রচারকালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যনীতি আরও কঠোর করার কথা বলেছেন। বিশেষ করে ট্রাম্প চীনকে ‘বাজেতম অপব্যবহারকারী’ ও ‘বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা কারসাজিকারী’ দেশ বলে বক্তব্য দিয়েছেন।
ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করার লক্ষ্যে গত শুক্রবার হোয়াইট হাউসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত বৈঠকে পলসন উৎসাহ বোধ করেছেন বলে জানান। তিনি বলেন, ‘এ ধরনের বিষয়গুলোতে আমরা যদি জোর না দিই, তাহলে কীভাবে বৈশ্বিক অর্থনীতির নেতা হব?’ অবশ্য ওবামা ও করপোরেট আমেরিকা টিপিপির মাধ্যমে বিদেশে বাজার বৃদ্ধির সুযোগ নিতে চায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারি ক্লিনটনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন হ্যাঙ্ক পলসন। যুক্তরাষ্ট্রের সামনে বর্তমানে যেসব বড় ইস্যু রয়েছে সেগুলো মোকাবিলায় ট্রাম্পের চেয়ে হিলারিই বেশি পছন্দ তাঁর।
নিজে রিপাবলিকান পার্টির সাবেক অর্থমন্ত্রী হলেও পলসন এবার একই দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে সমর্থন করেন না বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তিনি হিলারিকে ভোট দেবেন বলে জানান। তিনি বলেন, ‘আমি অজ্ঞতাজনিত ভয়ভীতি ও পক্ষপাতিত্ব দেখানোর মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের কৌশল সমর্থন করতে পারি না। এগুলোকে আমি বিরক্তিকর মনে করি।’
অন্যদিকে হিলারির ‘চারিত্রিক দৃঢ়তা, মেজাজের ধরন ও কাজ করার সক্ষমতায়’ জোর দিয়ে পলসন বলেন, ‘আমি তাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সিনেটর হিসেবে দায়িত্ব পালন করতে দেখেছি। আমি যেকোনো দিনই এ ধরনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইব।’
এদিকে নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতি-সম্পর্কিত জ্ঞানের কঠোর সমালোচনা করেছেন। তাঁর মতে, অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্পের জ্ঞান ‘এফ’ গ্রেডের। গ্রেডিং পদ্ধতির শিক্ষাব্যবস্থায় এফ গ্রেডকে ফেল বা অকৃতকার্য হিসেবে গণ্য করা হয়।