বাণিজ্য উদারীকরণ ও দেশীয় খাতকে সুরক্ষা দিয়ে আমদানিনীতি চূড়ান্ত
জনস্বাস্থ্য, পরিবেশ ও নিরাপত্তার স্বার্থে কিছু বিষয়ে নিয়ন্ত্রণ আরোপ, বাণিজ্য আরও উদারীকরণ, ব্যবসার ব্যয় আরও কমানো এবং দেশীয় শিল্প খাতকে সুরক্ষা দিয়ে আগামী তিন বছরের জন্য আমদানিনীতি চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।আগামী ১ জুলাই থেকে এই নীতি কার্যকর হতে পারে। বিদ্যমান আমদানিনীতি আদেশ ২০০৯-১২-এর কার্যকারিতা আগামী ৩০ জুন শেষ হচ্ছে।তবে আমদানিনীতি যা-ই হোক না কেন, তা অবশ্যই রপ্তানিনীতির পরিপূরক হিসেবে কাজ করবে এবং তা রপ্তানিনীতির ভিশনগুলো বাস্তবায়নকে আরও সহজ করবে বলেও মন্তব্য করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।জানা যায়, ২০১০ সালের ডিসেম্বর থেকে আমদানিনীতি প্রণয়নের কাজ শুরু হয়। নতুন এই নীতি প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সমিতির কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়। প্রাথমিকভাবে আমদানিনীতি সংশোধনের জন্য ২২৮টি প্রস্তাব জমা হয়। ২০১১ সালের নভেম্বর থেকে পরামর্শক সভা অনুষ্ঠান শুরু হয়। যুগ্ম সচিবের (আইআইটি) নেতৃত্বে গঠিত কমিটি সেখান থেকে ১১টি সভা করে ৯১টি প্রস্তাব গ্রহণ করে। পরে বাণিজ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি আটটি সভা করে ৫৯টি প্রস্তাব গ্রহণ করে। এসব প্রস্তাব নিয়ে গত বুধবার রাজধানীর একটি হোটেলে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী আমদানিনীতির জন্য ৫৩টি প্রস্তাব চূড়ান্ত করা হয়।বুধবারের সভার উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, আমদানিনীতি শুধু সরকারের সদিচ্ছা ও প্রতিশ্রুতির নীতিমালাই নয়, এটি একটি এসআরও, যা ব্যবসায়ী ও সরকারের জন্য অবশ্য প্রতিপালনীয়। তিনি বলেন, ২০১২-১৫ পর্যন্ত সময়ে যেন আমদানি নীতির ন্যূনতম সংযোজন কিংবা পরিবর্তনের প্রয়োজন না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা চূড়ান্ত করা হচ্ছে।যা থাকছে: জানা গেছে, বর্তমান আমদানিনীতির সঙ্গে আগামী নীতির তেমন পার্থক্য হবে না। তবে এর ফলে রপ্তানিনীতির ব্যাপক পরিবর্তন হবে।আগামী আমদানি নীতি তৈরির ক্ষেত্রে বাণিজ্য উদারীকরণের প্রক্রিয়া যেন অব্যহত থাকে, সেটি বিবেচনা করা হয়েছে। তবে বাণিজ্য উদারীকরণের নামে এমন কোনো সুপারিশ করা হয়নি, যেটা দেশীয় শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করে।আমদানিনীতিতে জনস্বাস্থ্য ও পরিবেশের যেন ক্ষতি না হয়, সেদিকে জোর দেওয়া হয়েছে। সেই বিবেচনায় এমন পণ্য আমদানি নিরুৎসাহিত করা হয়েছে, যা স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে। তা ছাড়া নিরাপত্তার কথা বিবেচনা করে অস্ত্র আমদানি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।বুধবার আমদানিনীতি আদেশ নিয়ে আয়োজিত পরামর্শক কমিটির সভা শেষে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, উন্নত দেশগুলোর জন্য স্ক্র্যাপ পণ্য (পুরোনো কম্পিউটার, ফটোকপি যন্ত্র, ফ্যাক্স, প্রিন্টার, কাগজ কাটার যন্ত্রসহ বিভিন্ন ধরনের অফিস সরঞ্জাম ও ইলেকট্রনিকস পণ্য) বোঝায়। এসব পণ্য পুনরায় ব্যবহার উপযোগী করা খুবই ব্যয়সাধ্য। সে জন্য উন্নত দেশগুলো এগুলো দানের নামে অনুন্নত দেশগুলোতে দিচ্ছে। এসব ব্যবহার অনুপযোগী পণ্য আমদানি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। তিনি বলেন, ‘তাদের মধ্যে তো মূলধনি যন্ত্রপাতি দেওয়ার প্রবণতা দেখা যায় না। বাংলাদেশ কোনো পণ্যের ডাম্পিং দেশ হতে পারে। এই প্রক্রিয়া বন্ধ করতে যা যা করা উচিত তা-ই করা হবে।’আমদানিনীতি প্রণয়নের সঙ্গে যুক্ত বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মুদ্রানীতি, রাজস্বনীতি, বিনিয়োগনীতি, শ্রমনীতি—এগুলো বাণিজ্যনীতির সঙ্গে সম্পর্কিত। অনেক ক্ষেত্রে এসবের মধ্যে সাংঘর্ষিক বিষয়ও দেখা যায়। আমদানিনীতি যেন এসব নীতির সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে জন্য দীর্ঘ সময় নিয়ে নীতিটি তৈরি করা হয়েছে।আগামী আমদানিনীতিতে খাদ্যপণ্যের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণে বেশ মনোযোগ দেওয়া হয়েছে। এ জন্য মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের জন্য নতুন ৪০টির মতো মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মান পরীক্ষার বিষয় উল্লেখ রয়েছে আমদানি নীতিতে। একজন কর্মকর্তা জানান, ‘আমেরিকা থেকে তুলা আমদানি করলে তার মান পরীক্ষার বিষয়টি চালু করার প্রস্তাব করা হয়েছে আমদানিনীতিতে। ওই তুলাতে স্বাস্থ্যগত ঝুঁকি আছে কি না, কোনো রোগজীবাণু আছে কি না, এসব পরীক্ষা করা হবে।’বর্তমানে শর্তসাপেক্ষে স্ক্র্যাপ জাহাজ আমদানি করা যায়। যে দেশ থেকে এসব জাহাজ আমদানি করা হয়, সে দেশের কর্তৃপক্ষ যদি জানায় যে তাতে কোনো বর্জ্য নেই, তাহলেই সেসব জাহাজ আমদানির অনুমতি দেওয়া হয়।পরিবেশ রক্ষায় কিছু বিষয়ে নিয়ন্ত্রণ আরোপ করলেও স্ক্র্যাপ জাহাজ আমদানির সুযোগ দেওয়া হয়েছে আগামী আমদানিনীতিতে।এ প্রসঙ্গে বাণিজ্যসচিব বলেন, ‘স্ক্র্যাপ জাহাজ আমদানির সঙ্গে নির্মাণশিল্প জড়িত। যেহেতু এই সম্পদে আমরা দুর্বল এবং এই খাত আমদানিনির্ভর, তাই প্রাথমিকভাবে এটাকে নিরুৎসাহিত করা যাচ্ছে না। তবে ধাপে ধাপে তা নিরুৎসাহিত করা হবে।’বর্তমানে আমদানিনীতিতে অস্পষ্টতার কারণে বিভিন্ন দেশের চলচ্চিত্র, বিশেষ করে ভারতের চলচ্চিত্র দেশে লাগামহীনভাবে আমদানি হচ্ছে। এ বিষয়ে উদ্বিগ্ন বাণিজ্য মন্ত্রণালয়। সে কারণে আগামী আমদানি নীতিতে এ বিষয়ে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো (সাফটাভুক্ত) থেকে ঠিক ততটাই চলচ্চিত্র আমদানি করা যাবে, যতটা বাংলাদেশি চলচ্চিত্র সে দেশে রপ্তানি করা যাবে। অর্থাৎ ভারতে যদি ১০টি বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানি করা যায়, তবে ঠিক ১০টি ভারতীয় চলচ্চিত্র এ দেশে আমদানি করা যাবে।নানা মহল থেকে যখন সমন্বিত বাণিজ্যনীতি প্রণয়নের দাবি উঠেছে, সরকারও এ বিষয়ে নানা উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনি তিন বছরের জন্য একটি আমদানিনীতি প্রণয়ন করা কি সমন্বিত বাণিজ্যনীতি তৈরির কাজকে পিছিয়ে দেবে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, ‘সমন্বিত বাণিজ্যনীতি প্রণয়ন দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটা করব বলে আমদানি-রপ্তানি নীতি ঝুলিয়ে রাখব, তা হয় না। বাণিজ্যনীতি যেদিন হবে, সেদিন থেকেই আমদানি-রপ্তানিনীতি অকার্যকর হয়ে যাবে।’