বাণিজ্য উন্নয়নে সিআইআই ও বিজিএমইএর মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে সফররত ভারতীয় ব্যবসায়ী সংগঠন সিআইআইয়ের সঙ্গে তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএর মধ্যে চুক্তি হয়েছে।বিজিএমইএর পক্ষে গতকাল রোববার এ চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান। সিআইআইয়ের পক্ষে প্রতিনিধিদলের দলনেতা ও টাটা ইন্টারন্যাশনালের বিশেষ উপদেষ্টা শ্যামল গুপ্ত স্বাক্ষর করেন।কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) এক প্রতিনিধিদল ৬ মে বাংলাদেশ সফরে আসে। বিজিএমইএ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় এক আলোচনায় গত শুক্রবার দুই দেশের বাণিজ্য উন্নয়নে উভয় পক্ষ সম্মত হয়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল এই সমঝোতা চুক্তি হয়েছে। সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। আমরা চাই পোশাক রপ্তানির মাধ্যমে এই ঘাটতি কিছুটা কমিয়ে আনতে। এই লক্ষ্য সামনে নিয়ে দুই বাণিজ্য সংগঠনের মধ্যে এই চুক্তি।’ সমঝোতা চুক্তির মধ্যে রয়েছে দুই দেশের বাণিজ্য উন্নয়ন এবং এ লক্ষ্যে দুই বাণিজ্য সংগঠনের মধ্যে সম্পর্ক জোরদার করা, দুই দেশের সরকার পর্যায়ে বাণিজ্যে বিদ্যমান বিভিন্ন শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে বাণিজ্য সংগঠনগতভাবে পদক্ষেপ নেওয়া, আন্তর্জাতিক অঙ্গনে সহযোগী হয়ে একে অপরের সঙ্গে একযোগে কাজ করা, ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তিতে বাংলাদেশকে সমৃদ্ধিশালী করার জন্য সহযোগিতা দেওয়া, তথ্য বিনিময়, সেমিনার বা কনফারেন্স ও মেলা আয়োজনে সংগঠনের পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা দেওয়া প্রভৃতি।চুক্তি অনুষ্ঠানে সিআইআই প্রতিনিধিদল, ইন্দো-বাংলা চেম্বারের (আইবিসিসিআই) সভাপতি মাতলুব আহমাদ এবং বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান ও এস এম মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।