বাণিজ্য ও অন্যান্য নীতিতে সমন্বয়ের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যনীতির সঙ্গে মুদ্রানীতি, রাজস্বনীতি, বৈদেশিক মুদ্রা বিনিময় নীতির সমন্বয় থাকা উচিত। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করতে হবে।গতকাল মঙ্গলবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড পলিসি ফ্রেমওয়ার্ক ফর দি নেক্সট ডিকেড’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন। গুলশানের একটি হোটেলে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আরও বলেন, আগামী দশকে অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের উপযোগী করে বাণিজ্যনীতি হওয়া উচিত। এ ছাড়া নতুন বাজার অনুসন্ধান, বাণিজ্য-সমঝোতার দক্ষতা বাড়ানো, শ্রমনীতি, সবুজ অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, পরিবেশ দূষণ ইত্যাদি বাণিজ্যনীতিতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন বক্তারা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর ইলাহী। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আলোচনায় সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাণিজ্যনীতিকে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখতে হবে। এখন বাংলাদেশের অর্থনীতি কৃষি থেকে শিল্প খাতের দিকে রূপান্তরিত হচ্ছে। তবে উৎপাদন খাতের ওপর বেশি জোর না দিলে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে ৮-১০ শতাংশে উন্নীত করা কঠিন হবে। টেকসই শিল্পায়ন হলে টেকসই কর্মসংস্থান হবে।বাণিজ্যনীতি প্রণয়নে তিনটি ঝুঁকির কথা উল্লেখ করেন দেবপ্রিয়। এগুলো হলো—আমলাতান্ত্রিক জটিলতা, আইনি কাঠামোর নকশা প্রণয়ন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়। সাবেক মন্ত্রী ওসমান ফারুক বলেন, বাণিজ্যনীতি বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করা উচিত। কেননা, আমদানি ও রপ্তানি কার্যক্রমের সঙ্গে ২৮টি প্রতিষ্ঠান জড়িত।ওসমান ফারুক আরও বলেন, ট্যারিফ কমিশন সুন্দর ও স্বচ্ছ প্রতিষ্ঠান হওয়া উচিত। শুল্কবিষয়ক সিদ্ধান্ত ট্যারিফ কমিশনের কাছ থেকে আসা উচিত। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন তা করছে। এতে শুল্কভিত্তিক রাজস্ব আয়ই প্রাধান্য পাচ্ছে।ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে একটি সমন্বিত বাণিজ্যনীতি তৈরি করা হবে। এ জন্য চলতি মাসেই অংশীদার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ, যেখানে শুল্কনীতি তৈরি করে কর কর্তৃপক্ষ। সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী বলেন, বাণিজ্যনীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা দরকার। তিনি আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক কার্যালয়ের প্রয়োজনীয়তার প্রশ্ন তুলে বিকল্প হিসেবে বৈদেশিক বাণিজ্যবিষয়ক কার্যালয় গঠনের পরামর্শ দেন।এমসিসিআইয়ের সাবেক সভাপতি আনিস উদ্ দৌলা বলেন, বাণিজ্যনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত সুবিধাগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।অধ্যাপক আলী রশীদ মনে করেন, দারিদ্র্য বিমোচন ও মানুষের মধ্যে বৈষম্য বাড়লে কোনো বাণিজ্যনীতিই কাজে আসবে না। সংলাপে আরও অংশ নেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান, ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান, এমসিসিআইয়ের সহসভাপতি নিহাদ কবির, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বেসরকারি সংস্থা ক্যাটালিস্টের প্রতিনিধি ইমদাদুল হক, এমসিসিআইয়ের মহাসচিব ফারুক আহমেদ এবং সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।