বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যঢাকায় তিন দিনের ভারতীয় বাণিজ্য প্রদর্শনী শুরু
বাণিজ্য-ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগ বাড়ানোর আহ্বান
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ জন্য নতুন নতুন খাত চিহ্নিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি অবকাঠামোসহ সীমান্তের স্থলবন্দরগুলো উন্নত করারও তাগিদ দেওয়া হয়েছে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে, একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্যবিমোচনেও তা সহায়ক হবে। ‘ইন্ডিয়া শো’ শিরোনামে ভারতের বিভিন্ন পণ্য ও সেবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার তিন দিনব্যাপী প্রদর্শনীটি শুরু হয়। উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। ‘এগিয়ে যাওয়ার জন্য অংশীদারিত্ব’ স্লোগান নিয়ে প্রদর্শনীটি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজন করছে দেশটির শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (ফিকি)। বাংলাদেশের শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এতে সহায়তা করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফিকির সভাপতি আর ভি কানোরিয়া বলেন, ‘বর্তমানে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪৫০ কোটি ডলার। আশা করছি, আগামী দুই বছরে তা এক হাজার কোটি ডলারে গিয়ে দাঁড়াবে।’কানোরিয়া বলেন, ভারতের উদ্যোক্তারা বাংলাদেশে পণ্য উৎপাদন করে আবার ভারতে রপ্তানি করতে পারেন। এটা বাংলাদেশের রপ্তানি বাড়ানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্যে ঘাটতি কমাবে। ভারতের বাণিজ্যসচিব এস আর রাও বলেন, ‘ইতিমধ্যে ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হয়েছে। তা সত্ত্বেও দুই দেশের মধ্যে বেশ বাণিজ্য ঘাটতি রয়ে গেছে। এ ঘাটতি দূর করতে প্রয়োজন যৌথ বিনিয়োগ।’ এই প্রদর্শনীর পর দুই দেশের বিনিয়োগ পরিবেশ আরও সহজ হবে বলে মন্তব্য করেন তিনি। এস আর রাও বলেন, ভারতীয় ১০০ কোটি ডলারের ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে সেগুলোর পরিপূর্ণ বাস্তবায়নে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই ঋণের আওতায় এরই মধ্যে বেশ কিছু প্রকল্পের বাস্তবায়নকাজ চলছে।ভারতের বাণিজ্যসচিব জানান, শিগগিরই চারটি নতুন সীমান্ত হাট চালু করা হবে। এ ছাড়া বাণিজ্যসুবিধা বাড়াতে তিনটি স্থলবন্দর উন্নয়নের কাজ চলছে। তিনি বাণিজ্য সম্পর্ক জোরদার করতে বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান। জি এম কাদের বলেন, ভারতের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশই লাভবান হবে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। সরকার এ জন্য বিশেষ সুবিধা দিচ্ছে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভারতে বাংলাদেশের অনেক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য, প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন সামগ্রী আমদানি করতে পারেন।অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।শতাধিক স্টল: মেলার আয়োজকেরা জানান, তিন দিনের এই প্রদর্শনীতে ভারতের প্রায় ৬৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এদের মধ্যে রয়েছে বস্ত্র, হস্তশিল্প, গাড়ি, খুচরা যন্ত্রাংশ, তৈরি পোশাক, ভোগ্যপণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, নবায়নগোয্য জ্বালানি, হালকা প্রকৌশল শিল্প, গয়না, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান।তবে প্রদর্শনীর ঔজ্জ্বল্য বাড়িয়েছে ভারতীয় অলংকার প্রদর্শনী। এর আয়োজন করছে দেশটির অলংকার রপ্তানি উন্নয়ন কাউন্সিল (জিজেইপিসি)। গতকাল উদ্বোধনী দিনে প্রদর্শনীস্থল ঘুরে দেখা গেছে, ভারতীয় অলংকার প্রদর্শনীস্থলে প্রদর্শনীর প্রথম দিনই ছিল দর্শনার্থীদের, বিশেষত নারীদের ভিড়। আয়োজকেরা জানান, প্রদর্শনীর পাশাপাশি এসব পণ্য কেনার সুযোগ রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে বুধবার পর্যন্ত। সব মিলিয়ে শতাধিক স্টল রয়েছে এখানে।এদিকে প্রদর্শনী উপলক্ষে ভারতের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল ঢাকায় এসেছে। ফিকি সভাপতি জানান, প্রতিনিধিদলে ভারতের শীর্ষ পর্যায়ের ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। এর বাইরে প্রদর্শনীতে অংশ নিতে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা। সব মিলিয়ে প্রদর্শনী উপলক্ষে পাঁচ শতাধিক ভারতীয় বাংলাদেশ এসেছেন বলেও তিনি জানান।