বাণিজ্য ঘাটতি কমে চলতি হিসাবের উদ্বৃত্ত বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনদেনের ভারসাম্য (জুলাই-নভেম্বর, ২০১৩: কোটি ডলারে)
লেনদেনের ভারসাম্য (জুলাই-নভেম্বর, ২০১৩: কোটি ডলারে)

আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতি কমলেও এক মাসের ব্যবধানে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত কিছুটা বেড়েছে।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) লেনদেনের হালনাগাদকৃত ভারসাম্য সারণি বিশ্লেষণ করে এমনটি প্রতীয়মান হয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত এই লেনদেনের ভারসাম্য সারণি থেকে দেখা যায়, এই সময়কালে পণ্যবাণিজ্যে ঘাটতি ২০১২-১৩ অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৬ শতাংশ কমেছে। কেননা, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে পণ্যবাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২২৪ কোটি ৬০ লাখ ডলার। আর আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৩৪৯ কোটি ৪০ লাখ ডলার।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এই পাঁচ মাসে আমদানি ব্যয় যে হারে বেড়েছে, রপ্তানি আয় তার চেয়ে চার গুণ বেশি হারে বেড়েছে। ফলে আমদানি-রপ্তানির মধ্যকার ব্যবধান বা বাণিজ্য ঘাটতি কমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে এই পাঁচ মাসে দেশে পণ্য রপ্তানি আয় বেড়েছে প্রায় ১৮ দশমিক ৩৯ শতাংশ। আর একই সময়ে পণ্য আমদানি ব্যয় বেড়েছে মাত্র ৪ দশমিক ৩৬ শতাংশ।
লেনদেনের ভারসাম্য সারণি থেকে এও দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়ে হয়েছে ১৩৮ কোটি ১০ লাখ ডলার। আর গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে এই ঘাটতি ছিল ১৩৫ কোটি ৫০ লাখ ডলার।
সেবা খাতের বাণিজ্যে আয়ের তুলনায় ব্যয় দ্বিগুণের বেশি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।
সব মিলিয়ে আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে ১৩৮ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। তবে আগের বছরে একই সময়ে তা ছিল ৪৩ কোটি ৩০ লাখ ডলার।
সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।
প্র্রবাসী-আয়ের প্রবাহ কিছুটা কমে গেলেও বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে কমে আসায় তা চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বাড়িয়ে দিতে ভূমিকা রেখেছে।
পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে ৬৭ কোটি ৩০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় দেড় শতাংশ বেশি।
মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণপ্রবাহ এই সময়কালে দশমিক ৫৪ শতাংশ কমে গেছে। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে যেখানে ৭৪ কোটি ৫০ লাখ ডলারের ঋণ পাওয়া গিয়েছিল, সেখানে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পাওয়া গেছে ৭৪ কোটি ১০ লাখ ডলারের সহায়তা।
সার্বিকভাবে অর্থবছরের জুলাই-নভেম্বর সময়কালে লেনদেনের সার্বিক ভারসাম্যে ২০৪ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দেয়, যা গত বছরের একই সময়ে ছিল ১৭৫ কোটি ২০ লাখ ডলার। আবার চলতি অর্থবছরের প্রথম চার মাসে লেনদেনের ভারসাম্যে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। এসব পরিসংখ্যান পর্যালোচনায় প্রতীয়মান হয়, অর্থবছরের প্রথম চার মাসে লেনদেনের ভারসাম্য পরিস্থিতি কিছুটা চাপের মুখে পড়েছিল, যা আবার পাঁচ মাসে এসে কিছুটা উন্নতি হয়েছে।