চলতি ২০১১-১২ অর্থবছরে পণ্য বাণিজ্যে ঘাটতি গত অর্থবছরের দ্বিগুণ হয়ে যেতে পারে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ।সংস্থাটির গতকাল প্রকাশিত মাসিক অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এ অভিমত প্রকাশ করা হয়েছে।উন্নয়ন অন্বেষণ বলছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শতকরা অংশ হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ গত বছরের দ্বিগুণ হতে পারে। ২০১০-১১ অর্থবছরে জিডিপিতে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৮ দশমিক ৪৬ শতাংশ। চলতি বছরের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০১১-১২ অর্থবছর শেষে তা ১০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। উন্নয়ন অন্বেষণ বলছে, রপ্তানি আয়ের তুলনায় আমদানি-ব্যয় অনেক বেশি হওয়ায় ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি সামষ্টিক অর্থনীতির ওপর অত্যধিক চাপ সৃষ্টি করছে। একদিকে মাত্রাতিরিক্ত তেল ও তেলজাতীয় পদার্থ আমদানি, অন্যদিকে রপ্তানিমুখী তৈরি পোশাকের চাহিদার নিম্নগতির জন্য অর্থবছরের প্রথম সাত মাসেই বাণিজ্য ঘাটতির পরিমাণ ৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। যদি জ্বালানি তেল আমদানির বর্তমান ধারার সঙ্গে অপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি বাড়তে থাকে তবে বাণিজ্য ঘাটতি আরও বেড়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে আমদানি-রপ্তানির পরিমাণ যথাক্রমে এক হাজার ৯৭২ কোটি ৮০ লাখ ডলার এবং এক হাজার ৪০১ কোটি ৭০ লাখ ডলারে দাঁড়িয়েছে। আবার বাজেটে ২০১১-১২ অর্থবছরের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দুই হাজার ৬৫০ কোটি ডলার, যা বিগত অর্থবছরের তুলনায় ১৬ ভাগ বেশি। উন্নয়ন অন্বেষণের মতে, যদি বর্তমান ধারা অব্যাহত থাকে তবে বর্তমান অর্থবছর শেষে আমদানি, রপ্তানি ও বাণিজ্য ঘাটতির পরিমাণ যথাক্রমে সাড়ে তিন হাজার কোটি ডলার, দুই হাজার ৪২৬ কোটি ডলার ও এক হাজার ১৩১ কোটি ডলারে দাঁড়াতে পারে। ২০১০-১১ অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৭৩২ কোটি ৮০ লাখ ডলার।উন্নয়ন অন্বেষণের মতে, বর্তমান অর্থবছরের প্রথম ছয় মাসে জ্বালানি তেল বাবদ আমদানি-ব্যয় ছিল ২৪২ কোটি ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৮ শতাংশ বেশি। আমদানির এই আর্থিক ও পরিমাণগত বৃদ্ধি জ্বালানি তেলনির্ভর কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের কারণে ঘটেছে।