বাণিজ্য ঘাটতি ছয় বছরে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পণ্য ও সেবা উভয় বাণিজ্যেই ঘাটতির পরিমাণ বেড়েছে। তাই সামগ্রিক বাণিজ্য ঘাটতি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে। মূলত রপ্তানির বিপরীতে গেল অর্থবছরে আমদানির পরিমাণ পাঁচ গুণ বেশি হওয়ায় বড় ধরনের বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে দেশ।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গেল অর্থবছরে আমদানি ৯ শতাংশ এবং রপ্তানি ১ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। অর্থের হিসাবে ৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য আমদানি হয়। বিপরীতে পণ্য রপ্তানি হয় ৩ হাজার ৪০১ কোটি ডলারের। ফলে সামগ্রিক বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৯৪৭ কোটি ডলার। তার আগের ২০১৫-১৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ৬৪৬ কোটি ডলার। সেই হিসাবে গেল অর্থবছরে ঘাটতি ৪৬ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।

বিদায়ী অর্থবছরের ৯৪৭ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি গত ছয় অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। তবে এটি চলতি দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি। তার আগে ২০১০-১১ অর্থবছরে ৯৯৩ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি হয়েছিল।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান গত রাতে বলেন, ‘সব সময়ই আমাদের বাণিজ্য ঘাটতি থাকে। গত অর্থবছরে সেটি বেড়ে গেছে। এতে করে আমাদের বহিঃখাত কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে। এ জন্য বৈদেশিক মুদ্রার দর ও রিজার্ভের ওপর চাপ বাড়বে।’

অবশ্য এক বছরের পরিসংখ্যান দিয়েই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে মনে করেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। রেমিট্যান্সকে অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিক খাতে নিয়ে আসার কাজে হাত দিতে হবে।

এদিকে বিদায়ী অর্থবছরে সেবা খাতে ৩২৮ কোটি ডলার ঘাটতি হয়েছে। গত ২০১৫-১৬ অর্থবছরে সেবা খাতের ঘাটতি ছিল ২৭০ কোটি ডলার। সেই হিসাবে গত অর্থবছরে সেবা খাতের ঘাটতি বেড়েছে সাড়ে ২১ শতাংশ। তবে গত অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ২৯৮ কোটি ডলার, যা তার আগের অর্থবছরে ছিল ২৫০ কোটি ডলার।

অন্যদিকে প্রবাসী আয় কমে যাওয়ায় চলতি হিসাব ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে ১৪৮ কোটি ডলার। তার আগের অর্থবছরে এই হিসাবে ৪২৬ কোটি ডলার উদ্বৃত্ত ছিল। সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে ঋণ করতে হয় না।