বাণিজ্য ঘাটতি বাড়ছে, কমছে চলতি হিসাবের উদ্বৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পণ্য ও সেবা উভয় বাণিজ্যেই ঘাটতির পরিমাণ বেড়ে চলছে। পণ্য রপ্তানির তুলনায় আমদানি-ব্যয় বেশি হওয়ায় বাড়ছে পণ্য-বাণিজ্যে ঘাটতি। অন্যদিকে প্রবাসী-আয়ের প্রবাহ শ্লথ হয়ে পড়ায় চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা নিম্নমুখী হয়ে পড়েছে। এ দুইয়ের সমন্বিত প্রভাবে লেনদেনের সামগ্রিক ভারসাম্যে চাপ বেড়ে গেছে। চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত মাসে লেনদেনের ভারসাম্যে ৭১ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। অথচ গত অর্থবছরের একই সময় ২১৩ কোটি ৮০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪২৭ কোটি ৩০ লাখ ডলারে। অথচ ২০০৯-১০ অর্থবছরের একই সময় এই ঘাটতির পরিমাণ ছিল ২৯৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে পণ্য-বাণিজ্যে ঘাটতি বেড়েছে সাড়ে ৪৩ শতাংশ।একদিকে বিশ্ববাজারে খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, অন্যদিকে দেশের ভেতরে শিল্প উৎপাদনের বিভিন্ন কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের চাহিদাও বেড়েছে। এই দুইয়ের প্রভাবে বেড়েছে আমদানি-ব্যয়। আবার আমদানিজনিত চাপে দেশের ভেতরে বেড়ে গেছে বৈদেশিক মুদ্রা তথা ডলারের চাহিদা। ফলে ডলারের বিপরীতে টাকার দরপতন ঘটছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, আলোচ্য সময়কালে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ১৪০ কোটি ১০ লাখ ডলার, যা ২০০৯-১০ অর্থবছরের একই সময় ছিল ৯৬ কোটি ৭০ লাখ ডলার।এতে আরও দেখা যায়, এই সময়কালে সেবা খাতের বাণিজ্যে প্রাপ্তি যোগ হয়েছে ১২৯ কোটি ডলার, যেখানে সেবা খাতের ব্যয় মেটাতে ২৪৬ কোটি ৮০ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে।পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) চলতি হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার। অথচ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) চলতি হিসাবের ভারসাম্যে ৫৯ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। আবার শুধু জানুয়ারি মাসে চলতি হিসাবের ভারসাম্যে ১৫ কোটি ডলারের ঘাটতি দেখা দিয়েছে। অথচ ২০১০ সালের জানুয়ারি মাসে ৫২ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরের প্রথম সাত মাসে চলতি হিসাবের ভারসাম্যে ২০৮ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। চলতি অর্থবছরের শুরু থেকে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা কমতে শুরু করেছে। প্রবাসী-আয়ের প্রবাহ শ্লথ হয়ে পড়াই এর মূল কারণ বলে মনে করা হয়। এর পাশাপাশি যুক্ত হয়েছে বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়া। চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের চিত্র প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায়, নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। সাম্প্রতিক সময়ে এসে বাংলাদেশের চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। কোনো কোনো মাসে এই ভারসাম্যে ঘাটতি অবস্থাও দেখা দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি। বরং প্রতিবছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছে।এই ধারাবাহিকতায় ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে চলতি হিসাবে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ৪০ লাখ ডলার, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। মূলত প্রবাসী-আয়ের উচ্চপ্রবাহ চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত বজায় রাখতে সহায়তা করেছে। অন্যদিকে আর্থিক হিসাবেও আলোচ্য সময়কালে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের উপাত্ত অনুসারে, ২০১০-১১ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়কালে ১১৭ কোটি ৪০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে, যেখানে গত অর্থবছরের একই সময় ৫১ কোটি ১০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। এতে আরও দেখা যায়, অর্থবছরের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাবদ দেশে ৪৫ কোটি ৮০ লাখ ডলার এসেছে। গত অর্থবছরের একই সময় এসেছিল ৪৩ কোটি ৭০ লাখ ডলার।তবে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রাপ্তি অনেক কমে গেছে। গত অর্থবছরের প্রথম সাত মাসে ৬১ কোটি ৭০ লাখ ডলার পাওয়া গেছে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ। আর গত অর্থবছরের একই সময় পাওয়া গিয়েছিল ১১৭ কোটি ৭০ লাখ ডলার।