বাণিজ্য-ঘাটতি সহনীয় পর্যায়ে থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত বিভিন্ন আশঙ্কা নাকচ করে দিয়ে গত অর্থবছর দেশে পণ্য-বাণিজ্যে ঘাটতি তার আগের বছরের প্রায় সমপর্যায়েই থাকল। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণির হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।এতে দেখা যায়, ২০১১-১২ অর্থবছর পণ্য-বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৭৯২ কোটি ৮০ লাখ ডলার। আর তার আগের অর্থবছর (২০১০-১১) এই ঘাটতি ছিল ৭৭৪ কোটি ৪০ লাখ ডলার। ফলে পণ্য-বাণিজ্যে ঘাটতি বেড়েছে মাত্র আড়াই শতাংশ। লেনদেনের ভারসাম্য সারণিতে এ উপাত্ত তুলে ধরা হয়েছে। গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক থেকেই আমদানিজনিত চাপ কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়। এর প্রভাবে আমদানি অনেকটা শ্লথ হয়ে পড়ে। মার্কিন ডলারের বিপরীতে টাকার বড় ধরনের দরপতন হয়।প্রাপ্ত পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, গত অর্থবছর পণ্য আমদানি বাবদ ব্যয় আগের বছরের তুলনায় মাত্র সাড়ে পাঁচ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৯০৯ কোটি ডলার। তার আগের বছর এই ব্যয় ছিল এক হাজার ৭৯১ কোটি ৪০ লাখ ডলার। এটি অবশ্য এফওবি হিসাব। লেনদেনের ভারসাম্য সারণিতে সিঅ্যান্ডএফভিত্তিক আমদানি-ব্যয় সমন্বয় করা হয়। পণ্য আমদানির সিঅ্যান্ডএফভিত্তিক হিসাব থেকে জাহাজে বহন ও বিমাখরচ বাদ দিয়ে আমদানির এফওবি ব্যয় হিসাব করা হয়। ফলে এফওবিভিত্তিক আমদানি-ব্যয় খানিকটা কম হয়ে থাকে। সিঅ্যান্ডএফ-ভিত্তিতে গোটা বছরের আমদানি-ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার ৫৪৪ কোটি ১৮ লাখ ডলার। একই সময় পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে দুই হাজার ৪২৮ কোটি ৭৬ লাখ ডলার। সেই হিসেবে পণ্য-বাণিজ্যে ঘাটতি এক হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়। কিন্তু লেনদেনের ভারসাম্য সারণিতে এ হিসাব অন্তর্ভুক্ত করা হয় না। একইভাবে গত অর্থবছর এফওবিভিত্তিতে পণ্য রপ্তানি বাবদ আয় হয়েছে দুই হাজার ৩৯৯ কোটি ২০ লাখ ডলার, যা তার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ২০ শতাংশ বেশি।আবার সেবা খাতের বাণিজ্যে গত অর্থবছর ঘাটতি দেখা দিয়েছে ২৫৫ কোটি ৯০ লাখ ডলার। তার আগের অর্থাৎ ২০১০-১১ অর্থবছর এই ঘাটতির পরিমাণ ছিল ২৩৬ কোটি ৯০ লাখ ডলার। সেবা খাতে মূলত পর্যটন, ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি ইত্যাদি খাতের লেনদেন অন্তর্ভুক্ত হয়ে থাকে। সেবা-বাণিজ্য ও পণ্য-বাণিজ্যে ঘাটতি মিলিয়ে সমন্বিত বাণিজ্য ঘাটতি অবশ্য এক হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে, যার পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৪৮ কোটি ৭০ লাখ ডলার। আর ২০১০-১১ অর্থবছর এই সমন্বিত ঘাটতি ছিল এক হাজার ১১ কোটি ৩০ লাখ ডলার।হালনাগাদ করা লেনদেনের ভারসাম্য সারণি পর্যালোচনা করলে আরও দেখা যায়, সামগ্রিকভাবে বাণিজ্য-ঘাটতি তেমন না বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে চলতি হিসাবের ভারসাম্যে। ২০১১-১২ অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে ১৭০ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে। এটি তার আগের অর্থাৎ ২০১০-১১ অর্থবছরের ৮৮ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ চলতি হিসাবের উদ্বৃত্তের তুলনায় প্রায় ৯৩ শতাংশ বেশি।এতে আরও দেখা যায়, গত অর্থবছর আর্থিক হিসাবের ভারসাম্যে ৯৫ কোটি ৫০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। তার আগের অর্থবছরে অবশ্য ঘাটতির পরিমাণ ছিল আরও বেশি, যা ১৯২ কোটি ডলার। এই সময়কালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে ৯৯ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে সাড়ে ২৮ শতাংশ বেশি। অন্যদিকে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ ৪১ শতাংশ বেড়ে হয়েছে ১৪৬ কোটি ডলার, যা আগের অর্থবছর ছিল ১০৩ কোটি ডলার। মূলত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণের প্রবাহ বাড়ায় আর্থিক হিসাব পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।সার্বিকভাবে গত অর্থবছর লেনদেনের ভারসাম্যে ৪৯ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে। আর ২০১০-১১ অর্থবছর ৬৫ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি ছিল। সুতরাং লেনদেনের ভারসাম্য পরিস্থিতির উন্নতি হয়েছে বলে প্রতীয়মান হয়।