বাণিজ্য ঘাটতি ৪০০ কোটি ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথমার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়কালে পণ্যবাণিজ্যে ঘাটতি ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সেবা খাতের ঘাটতি যোগ করা হলে তা ৫৫০ কোটি ডলারের ওপরে চলে যাবে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, আলোচ্য সময়কালে পণ্যবাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৪১৯ কোটি ৫০ লাখ ডলার। গত ২০১০-১১ অর্থবছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ৩৪৪ কোটি ৮০ লাখ ডলার।অন্যদিকে চলতি অর্থবছরের প্রথমার্ধে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ১৩৬ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ১১৫ কোটি ৫০ লাখ ডলার। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ, সম্মানী ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, পণ্যবাণিজ্যের ঘাটতির তুলনায় সেবা খাতের ঘাটতি সাম্প্রতিককালে বেড়ে যাচ্ছে। এর ফলে ভবিষ্যতে চলতি হিসাবের ভারসাম্যে নতুনভাবে চাপ তৈরি হতে পারে এ সেবা খাতের বাণিজ্য থেকে।চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় ও বিনোদনের জন্য বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা এ সেবা খাতের আওতাতেই দেশের বাইরে চলে যাবে। এটা ভবিষ্যতে সেবা খাতের বাণিজ্য ভারসাম্য বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্য আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে ৪০ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। মূলত ডিসেম্বর মাসে প্রবাসী-আয়প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ায় এবং পণ্য আমদানি ব্যয় বেশ খানিকটা শ্লথ হওয়ার ইতিবাচক প্রভাবে এই অবস্থা দেখা দিয়েছে।তবে গত অর্থবছরের একই সময়ে চলতি হিসাবের ভারসাম্যে ৮৬ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।মোটা দাগে বললে, চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। অর্থাৎ নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এ ক্ষেত্রে উদ্বৃত্ত বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে আর্থিক খাতের হিসাবে ৮০ কোটি ৫০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। অবশ্য গত অর্থবছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ১৬৯ কোটি ৪০ লাখ ডলার। সে বিবেচনায় আর্থিক হিসাবের ঘাটতি কমেছে।আলোচ্য সময়কালে দেশে ৪৩ কোটি ১০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে প্রাক্কলন করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৪ কোটি ২০ লাখ ডলার।তবে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ঘাটতি প্রায় ১০০ কোটি ডলার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে ৯৯ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। আর গত অর্থবছরের প্রথমার্ধে সামগ্রিক ঘাটতি ছিল ২৬ কোটি ৮০ লাখ ডলারের।গত বছর একই সময়ে মূলত চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত থাকায় সামগ্রিক ঘাটতি কমে গিয়েছিল।চলতি বছরের শুরু থেকেই লেনদেনের ভারসাম্যে চাপ তৈরি হতে থাকে। আমদানি ব্যয় অনেক বেড়ে যাওয়া ও প্রবাসী-আয়প্রবাহে শ্লথ ভাবের প্রভাবেই মূলত চাপটা বেড়ে যায়।তবে দ্বিতীয় প্রান্তিক থেকে বাংলাদেশ ব্যাংক আমদানি ব্যয়ের রাশ টানতে বৈদেশিক মুদ্রাবিনিময় হার (মূলত টাকা-ডলার) বহুলাংশে বাজারের ওপর ছেড়ে দেয়। এতে বাজারভিত্তিক চাহিদা ও জোগানের ভারসাম্যে ডলারের বিপরীতে টাকার দর বাড়তে থাকে। এর প্রভাবে একপর্যায়ে আমদানি ব্যয়ও কিছুটা নিরুৎসাহিত হতে থাকে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, আলোচ্য সময়কালে আমদানি ব্যয়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮১ শতাংশ, যেখানে রপ্তানি আয়ে প্রবৃদ্ধির হার ১৫ দশমিক ১৮ শতাংশ।এটি অবশ্য লেনদেনের ভারসাম্য সারণিতে এফওবি হিসাব। এফওবি হিসাবে আমদানি ব্যয় থেকে বিমা ও আনুষঙ্গিক খরচ বাদ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, গত ২০১০-১১ অর্থবছরের পণ্যবাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছিল ৭৩২ কোটি ৮০ লাখ ডলার। সে বছর চলতি হিসাবের ভারসাম্যে ৯৯ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দেয়। আর সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ৯২ কোটি ৫০ লাখ ডলারের ঘাটতি ছিল।