বাণিজ্য ঘাটতি ৫০০ কোটি ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে পণ্য বাণিজ্যে ঘাটতি ৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। তবে এই সময়কালে সেবা খাতের বাণিজ্য ঘাটতি যোগ করা হলে সার্বিক বাণিজ্য ঘাটতি সাড়ে ৬০০ কোটি ডলারের ওপরে চলে যাবে। আলোচ্য সময়কালে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৫০২ কোটি ৯০ লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৪২৬ কোটি ৯০ লাখ ডলার। অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ১৬০ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১৩৮ কোটি ৮০ লাখ ডলার। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে ৪৬ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। মূলত জানুয়ারি মাসে প্রবাসী-আয়প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ায় এবং পণ্য আমদানি ব্যয় বেশ খানিকটা শ্লথ হওয়ার ইতিবাচক প্রভাবে এই অবস্থা দেখা দিয়েছে।তবে গত অর্থবছরের একই সময়ে চলতি হিসাবের ভারসাম্যে ৮১ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।চলতি হিসাবে সাধারণত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। অর্থাৎ নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এ ক্ষেত্রে উদ্বৃত্ত বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায় যে ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে আর্থিক খাতের হিসাবে ১০৩ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। অবশ্য গত অর্থবছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ১৯১ কোটি ৪০ লাখ ডলার। সে বিবেচনায় আর্থিক হিসাবের ঘাটতি কমেছে।আলোচ্য সময়কালে দেশে ৪২ কোটি ৫০ ল৯াখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে বলে প্রাক্কলন করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪০ কোটি ৫০ লাখ ডলার।আলোচ্য সময়কালে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে ৮১ কোটি ৩০ লাখ ডলার। আর গত অর্থবছরের প্রথম সাত মাসে সামগ্রিক ঘাটতি ছিল ৭১ কোটি ১০ লাখ ডলারের।গত বছর একই সময়ে মূলত চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত থাকায় সামগ্রিক ঘাটতি কমে গিয়েছিল।চলতি বছরের শুরু থেকেই লেনদেনের ভারসাম্যে চাপ তৈরি হতে থাকে। আমদানি ব্যয় অনেক বেড়ে যাওয়া ও প্রবাসী-আয়প্রবাহে শ্লথ ভাবের প্রভাবেই মূলত চাপটা বেড়ে যায়।তবে দ্বিতীয় প্রান্তিক থেকে বাংলাদেশ ব্যাংক আমদানি ব্যয়ের রাশ টানতে বৈদেশিক মুদ্রাবিনিময় হার বহুলাংশে বাজারের ওপর ছেড়ে দেয়। এতে বাজারভিত্তিক চাহিদা ও জোগানের ভারসাম্যে ডলারের বিপরীতে টাকার দর বাড়তে থাকে। এর প্রভাবে একপর্যায়ে আমদানি ব্যয়ও কিছুটা নিরুৎসাহিত হতে থাকে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, আলোচ্য সময়কালে আমদানি ব্যয়ে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫১ শতাংশ, যেখানে রপ্তানি আয়ে প্রবৃদ্ধির হার ১৪ দশমিক ৭১ শতাংশ।এটি অবশ্য লেনদেনের ভারসাম্য সারণিতে এফওবি হিসাব। এফওবি হিসাবে আমদানি ব্যয় থেকে বিমা ও আনুষঙ্গিক খরচ বাদ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০১০-১১ অর্থবছরের পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছিল ৭৩২ কোটি ৮০ লাখ ডলার। সে বছর চলতি হিসাবের ভারসাম্যে ৯৯ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দেয়। আর সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ৯২ কোটি ৫০ লাখ ডলারের ঘাটতি ছিল।