বাণিজ্য ঘাটতি ৬৪৩ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়কালে দেশে পণ্য বাণিজ্যে ঘাটতি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। এর ফলে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৬৪৩ কোটি ডলার। আর গত ২০০৯-১০ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়কালে এই ঘাটতির পরিমাণ ছিল ৪৫০ কোটি ৯০ লাখ ডলার।মূলত রপ্তানির তুলনায় পণ্য আমদানি ব্যয় অনেক বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি অনেক বেড়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্যের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়।এতে দেখা যায়, আলোচ্য সময়কালে পণ্য আমদানির জন্য ব্যয় করতে হয়েছে দুই হাজার ৪৭৪ কোটি ৫০ লাখ ডলার। আর গত অর্থবছরের একই সময়ে পণ্য আমদানির ব্যয় ছিল এক হাজার ৭৪৮ কোটি ৬০ লাখ ডলার। ফলে আমদানি ব্যয় বেড়েছে সাড়ে ৪১ শতাংশ হারে।অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্য রপ্তানি থেকে আয় দাঁড়িয়েছে এক হাজার ৮৩১ কোটি ৫০ লাখ ডলার, যা কি না আগের বছরের একই সময়ের চেয়ে ৪১ দশমিক ১৩ শতাংশ বেশি।দেখা যাচ্ছে, আমদানি ব্যয় ও রপ্তানি আয় উভয়ের প্রবৃদ্ধির হার একই থাকলেও পরিমাণগত দিক থেকে আমদানি বেশি হওয়ায় দুইয়ের মধ্যকার ব্যবধান বেড়ে যাচ্ছে, যা লেনদেনের ভারসাম্যে বড় ধরনের চাপ তৈরি করছে।আলোচ্য সময়কালে সেবা খাতের বাণিজ্যে ঘাটতিও প্রায় ২০০ কোটি ডলারে উন্নীত হয়েছে, যা কি না গত অর্থবছরের জুলাই-এপ্রিল সময়কালে ছিল ১৪৪ কোটি ৩০ লাখ ডলার।তবে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, বাণিজ্য ঘাটতি যতটা আশঙ্কা পর্যায়ে উপনীত হতে যাচ্ছিল, তা এখন রোধ করা গেছে। আর এটি সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকের গৃহীত নীতির কারণে, আমদানির প্রবৃদ্ধিতে রাশ টেনে।তিনি ব্যাখ্যা করে বলেন, আমদানি ঋণপত্র স্থাপন ও নিষ্পত্তির হার যেভাবে বেড়ে গিয়েছিল, তা এখন অনেকটাই প্রশমিত হয়েছে। ডিসেম্বরেও যেখানে আমদানি ঋণপত্র খোলার হার ছিল ৬০ শতাংশ, এপ্রিলে তা ১২ শতাংশে নেমে এসেছে। ব্যাংক ঋণের সুদের হারের ১৩ শতাংশ সর্বোচ্চসীমা প্রত্যাহার করে নেওয়া একটা ভূমিকা রেখেছে। টাকা-ডলার বিনিময় হার বহুলাংশে বাজারের ওপর ছেড়ে দেওয়ায় ডলারের দাম বেড়েছে। আহসান মনসুর মনে করেন, এসব নীতি গ্রহণ করা না হলে আমদানি বেড়ে গিয়ে ঘাটতি আরও বেড়ে যেত। আমদানি যদি অর্থবছর শেষে সাড়ে তিন বা চার হাজার ডলারের কাছাকাছি গিয়ে ঠেকত, তাহলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ত। লেনদেনের ভারসাম্যে বিরাট সংকট দেখা দিত। আপাতত আর সে রকম কিছু হচ্ছে না।আহসান মনসুর আরও বলেন, ‘আমদানি কমে যাওয়ায় সাময়িকভাবে কিছু সমস্যা হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে ব্যাপক আমদানির সামর্থ্য আমাদের আছে কি না। যদি যথেষ্ট সম্পদ না থাকে, তাহলে কী দিয়ে আমদানি করব?’ বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়া ও প্রবাসী-আয় প্রবাহের প্রবৃদ্ধি শ্লথ হওয়ায় চলতি হিসাবের ভারসাম্যের উদ্বৃত্তও কমে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে চলতি হিসাবের ভারসাম্যে ৬৪ কোটি ১০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। অথচ গত অর্থবছরের একই সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ২৬৫ কোটি ৩০ লাখ ডলার।উল্লেখ্য, চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের চিত্র প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরেই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি। বরং প্রতিবছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছে।এই ধারাবাহিকতাতে গত ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে চলতি হিসাবে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ৪০ লাখ ডলার, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।মূলত প্রবাসী-আয়ের উচ্চ প্রবাহ চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত বজায় রাখতে সহায়তা করেছে।