গত ২০১০-১১ অর্থবছরে দেশে পণ্য-বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৭৩২ কোটি ৮০ লাখ ডলার। মূলত জুন মাসে আমদানি উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার কারণেই বার্ষিক ঘাটতি ৮০০ কোটি ডলারের কাছাকাছি যায়নি।বিশেষত গত অর্থবছরের শেষ প্রান্তিকে এসে আশঙ্কা করা হচ্ছিল যে পণ্য-বাণিজ্যে ঘাটতি ৮০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদকৃত লেনদেনের ভারসাম্য সারণি থেকে এ তথ্য পাওয়া গেছে।এতে আরও দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরে পণ্য-বাণিজ্যে ঘাটতি ছিল ৫১৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বাণিজ্যে ঘাটতি বেড়েছে প্রায় ৪২ শতাংশ।আবার গত অর্থবছরে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৮০ লাখ ডলার, যেখানে তার আগের বছর এ ঘাটতি ছিল ১২৩ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ সেবা খাতের বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ হয়ে গেছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ৬৩ কোটি ৫০ লাখ ডলারের ঘাটতি দাঁড়িয়েছে, যেখানে ২০০৯-১০ অর্থবছরে ২৮৬ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।তবে গত অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তই দেখা গেছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিকে কার্যত আর যমজ ঘাটতির ভেতর প্রবেশ করতে হলো না।লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে গত অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে ৯৯ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। এর ফলে টানা ষষ্ঠ বছরের মতো বাংলাদেশ চলতি হিসাবে উদ্বৃত্ত পেল।তবে কয়েক দিন আগে প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের আরেক পরিসংখ্যানে এটি ১০৩ কোটি ৯০ লাখ ডলার বলা হয়েছিল। সেটি অবশ্য ছিল প্রাথমিক প্রাক্কলন।অন্যদিকে ২০০৯-১০ অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে রেকর্ড ৩২৭ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দেয়।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। মোটা দাগে এটাই উদ্বৃত্ত বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না; আর ঘাটতি থাকলে বোঝায় যে ঋণ করে সেই ঘাটতি পূরণ করতে হচ্ছে।কিন্তু আর্থিক হিসাবে গত অর্থবছরে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। ২০০৯-১০ অর্থবছরে যেখানে আর্থিক হিসাবে মাত্র ৬৫ কোটি ১০ লাখ ডলারের ঘাটতি ছিল, এবার (২০১০-১১) সেখানে ১৫৮ কোটি ৪০ লাখ ডলারের ঘাটতি হয়েছে।প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ও বিদেশি সহায়তা আগের তুলনায় কমে যাওয়ায় আর্থিক হিসাবের ঘাটতি বেড়েছে বলে প্রতীয়মান হয়। গত অর্থবছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ৭৬ কোটি ৮০ লাখ ডলার, যেখানে তার আগের বছর এর পরিমাণ ছিল ৯১ কোটি ৩০ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, গত অর্থবছরে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণপ্রাপ্তি কমেছে। ২০০৯-১০ অর্থবছরে যেখানে ১৫৮ কোটি ৯০ লাখ ডলার ঋণ পাওয়া গিয়েছিল, সেখানে গত অর্থবছরে পাওয়া গেছে ১০৫ কোটি ১০ লাখ ডলার।আবার গত অর্থবছরে মধ্য ও দীর্ঘমেয়াদি এবং বাণিজ্যিক ঋণের মূল পরিশোধের পরিমাণও আগের বছরের তুলনায় বেড়েছে। এসব কারণে আর্থিক হিসাবে ঘাটতি বেড়ে গেছে।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরে সেবা খাতের বাণিজ্যে প্রাপ্তি হয়েছে ২৫৭ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় মাত্র ৪ শতাংশ বেশি।অথচ একই সময়ে সেবা খাতের বাণিজ্যে দায় পরিশোধে ব্যয় করতে হয়েছে ৪৯৬ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে প্রায় ৩৪ শতাংশ বেশি। এতে বোঝা যায়, পর্যটন, বিমা, ব্যাংক ইত্যাদি খাতে বৈদেশিক ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে।