বাণিজ্য-বাধা নিরসনের আশ্বাস দিলেন ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরেন বলেছেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে বিদ্যমান বাধাগুলো দূর করার পদক্ষেপ নেওয়া হবে। গতকাল সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী হাইকমিশনার কে পি মুন্সি, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকছানা বেগম, ভাইস চেয়ারম্যান শাহীনূর রেজা, স্থলবন্দরের সহকারী কমিশনার পায়েল পাশা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ও ব্যবসায়ী নেতা জামিল হোসেন।কয়েকজন ভারতীয় ভিসা দিতে বিলম্বসহ কিছু জটিলতার কথা তুলে ধরলে পঙ্কজ সরেন বিষয়গুলো দেখবেন বলে জানান।পঙ্কজ সরেন বলেন, বাংলাদেশের হিলি স্থলবন্দরে অবকাঠামো গড়ে উঠেছে। এর বিপরীতে ভারতের অংশেও অবকাঠামো উন্নয়ন করা দরকার। তাহলে এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত আরও বাড়বে। পঙ্কজ সরেন হিলি স্থলবন্দরের কাস্টমস ও বেসরকারি অপারেটর বা পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্টের কার্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি চেকপোস্ট বা স্থলবন্দরের ফটক পেরিয়ে সীমান্তের ওপারে যান। সেখানে ভারতের মালদা কাস্টমসের সহকারী কমিশনার ওমেশ কুমার ও বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি অমরজিত সিংহ তাঁকে অভ্যর্থনা জানান।