আন্ত-আঞ্চলিক ও আন্তসীমান্ত বাণিজ্য বাড়াতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করছে।বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল সোমবার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি অবিভক্ত ভারতবর্ষের পুরোনো সিল্ক রোড চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করতে গত রোববার এখানে আসেন। তিনি বলেন, ‘এই রোড পুনরায় চালু হলে দক্ষিণ-পূর্ব ও মধ্য এশিয়ায় বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা তৈরি হবে।’ পরে তিনি বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকতা, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে এই বন্দর দিয়ে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বিষয়ে মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজীনা, রাজনৈতিক কর্মকর্তা আড্রেই কটন ও ফিরোজ আহমেদ, তথ্য কর্মকর্তা মেরিনা ইয়াসমিন, জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, পুলিশ সুপার মো. শাহরিয়ার রহমান, বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা সৈয়দ হুমায়ুন আখতার, আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খান ও সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সভাপতি মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এ ছাড়া তেঁতুলিয়ার করতোয়া নদী থেকে পাথর উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে রোববার সন্ধ্যায় স্থানীয় সার্কিট হাউসে পঞ্চগড় চেম্বার আয়োজিত এক মতবিনিময় সভায় মিলিত হন।