ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে বিমান ও নৌ-যোগাযোগ চালুর আহ্বান জানিয়েছেন।ত্রিপুরার রাজধানী আগরতলায় গত রোববার স্বেচ্ছাসেবী সংস্থা ‘কাটস ইন্টারন্যাশনাল’ আয়োজিত ‘ভারত-বাংলাদেশ বাণিজ্য’ শীর্ষক এক সেমিনারে তিনি এই আহ্বান জানান। ত্রিপুরার শিল্পমন্ত্রী জীতেন চৌধুরীসহ বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এবং ত্রিপুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এল দেবনাথসহ স্থানীয় ব্যবসায়ী-শিল্পপতিরা এতে যোগ দেন।ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা ও গুয়াহাটি থেকে ঢাকা হয়ে কলকাতায় সপ্তাহে অন্তত দুই দিন বিমান যোগাযোগ চালু করা যায় কি না, তা খতিয়ে দেখা দরকার। মানিক সরকার জানান, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি পণ্যের বিরাট বাজার রয়েছে। সেদিকে খেয়াল রেখে এখন উচিত হবে ত্রিপুরার গোমতীর সঙ্গে বাংলাদেশের তিতাস হয়ে মেঘনা নদীর পুনঃসংযোগ স্থাপন করা। তিনি বলেন, বাংলাদেশের তিতাস নদীতে পলি জমে যাওয়ায় বর্তমানে নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাই তিতাসকে খনন করে দুই দেশের নৌ-যোগাযোগ স্থাপন করতে হবে। তাহলে এসব রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। মানিক সরকার জানান, চট্টগ্রামের সঙ্গে ত্রিপুরার সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ফেনী নদীর ওপর একটি সেতু তৈরির প্রস্তাব ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার অনুমতি দিলে ভারত সরকার এই সেতুটি তৈরির উদ্যোগ নিতে পারে। তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এও বলেন, দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ বেশ কিছু উদ্যোগ নিলেও ভারতের দিক থেকে তেমন সন্তোষজনক সাড়া মেলেনি। যা তিনি ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁকে জানিয়েছেন, সার্ক সম্মেলনের সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ-ত্রিপুরা যোগাযোগের বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।