বাণিজ্য বাড়াতে মালয়েশিয়ায় ‘ট্রেড ইন বাংলাদেশ’
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে মালয়েশিয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ট্রেড ইন বাংলাদেশ’। মেলায় বাংলাদেশের তৈরি পোশাক, ব্যাংক, আবাসন, ট্যুরিজম ও হস্তশিল্পের বেশ কিছু প্রতিষ্ঠান অংশ নেবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামী ১৫ থেকে ১৭ আগস্ট মেলাটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘দ্য হেডমাস্টার ইভেন্ট’ আয়োজিত এই মেলায় দেশের পোশাকশিল্প মালিকদের দুই সমিতি—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক সমিতির (বিকেএমইএ) ২০টি স্টল থাকবে। বিজিএমইএ ভবনে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান ও হেডমাস্টার ইভেন্টের সৈয়দ জাফর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমএইর সহসভাপতি শহিদুল্লাহ আজিম ও রিয়াজ বিন মাহমুদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ২৪২টি স্টল থাকবে। এর মধ্যে বিজেএমইএ ও বিকেএমইএর সদস্যদের ২০টি স্টল থাকবে। বাকি স্টলগুলোয় থাকবে বাংলাদেশি ব্যাংক, আবাসন, পর্যটন ও হস্তশিল্প খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। তৈরি পোশাকের বাজার বাড়াতে মেলায় বিজিএমইএর ১০ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে।বিজিএমইএর নেতারা জানান, ২০১২ সালে মালয়েশিয়ায় ১০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে ছয় কোটি ৯১ লাখ ডলারের তৈরি পাশাক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পর বাংলাদেশই মালয়েশিয়ার তৃতীয় বৃহত্তম ব্যবসায়ী অংশীদার।তিন দিনব্যাপী এই মেলা দেশের বিভিন্ন খাতের বাণিজ্য প্রসারে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন। মেলার বিস্তারিত জানা যাবে www.tradeinbangladesh.com ওয়েবসাইটে।