বাণিজ্য-বিরোধ নিষ্পত্তির বিকল্প পদ্ধতি চালু হচ্ছে
আদালতের বাইরে বিকল্প পদ্ধতিতে বাণিজ্য-বিরোধ মেটানোর (এডিআর) লক্ষ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি) নামে একটি কেন্দ্র চালু হতে যাচ্ছে।ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড’ (বিআইসিএফ) শীর্ষক প্রকল্পের অর্থায়নে চালু হচ্ছে বিআইএসি, যা তিন বছরে বাস্তবায়িত হবে। এতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সময় ও অর্থ বাঁচবে এবং বাণিজ্য-বিরোধ নিষ্পত্তির বিকল্প সুযোগ হবে বলে আশা করা হচ্ছে।বাণিজ্য-বিরোধ নিষ্পত্তির বিকল্প পদ্ধতির (এডিআর) অগ্রগতি সাধনে নেতৃস্থানীয় তিনটি চেম্বারের সমন্বয়ে গঠিত হয়েছে বিআইএসি। এগুলো হলো ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ঢাকায় একটি চুক্তি হয়েছে। বিশ্বব্যাংক গ্রুপের সদস্য আইএফসির দক্ষিণ এশিয়ার পরিচালক পাওলো মার্টেলি ও বিআইএসির চেয়ারম্যান এবং আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান নিজ নিজ সংস্থার পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের সভাপতি এম আনিস-উদ-দৌলা ও ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান। বিজ্ঞপ্তি।