বাণিজ্য বিষয়ে চীন-ভারত যৌথ কার্যদল গঠন করবে
অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য চীন ও ভারত শিগগিরই একটি যৌথ কার্যদল গঠন করবে, যারা দুই দেশের বাণিজ্যবিষয়ক ইস্যুগুলো নিয়ে কাজ করবে। খবর ইকোনমিক টাইমস-এর।ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক চীন-ভারত যৌথ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ছিল এই যৌথ দলের নবম বৈঠক। এতে উভয় দেশ অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতেও সম্মত হয়েছে।ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এবং চীনের বাণিজ্যমন্ত্রী চেন দেমিং বৈঠকে নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বৈঠক শেষে আনন্দ শর্মা গণমাধ্যমকে বলেন, ‘শিগগিরই যৌথ কার্যদল গঠন করা হবে। এবং এই দল তাদের সুপারিশ ও পর্যালোচনা ৯০ দিনের মধ্যে পেশ করবে।’দেমিং বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটের সময় চীন-ভারতের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা প্রয়োজন হয়ে পড়েছে। তিনি ২০১৩ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।বৈঠকে শর্মা চীনের সঙ্গে বড় ধরনের বাণিজ্য ঘাটতি হ্রাস এবং ভারতীয় ওষুধ, তথ্যপ্রযুক্তি ও কৃষিপণ্যে বাজারসুবিধা দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। দেমিং সহজে ভিসা দেওয়া ও চীন থেকে বৈদ্যুতিক পণ্য আমদানিতে সম্প্রতি উচ্চ শুল্কারোপের বিষয়টি তুলে ধরেন।২০১১-১২ অর্থবছরে ভারত চীনে এক হাজার ৭৯০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে আমদানি করেছে পাঁচ হাজার ৭৫৫ কোটি ডলারের পণ্য। ফলে ঘাটতি দাঁড়িয়েছে তিন হাজার ৯৬৫ কোটি ডলার।