অর্ধেকের বেশি সময় পেরিয়ে আসা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন বেশ জমজমাট। হাজার হাজার ক্রেতা-দর্শনার্থী স্রোতের মতো আসছেন। বিশেষ করে ছুটির দিনে গত শুক্রবার ও গতকাল শনিববার ছিল উপচে পড়া ভিড়। বেচাকেনাও হচ্ছে ভালো। কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তাঁরা বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। গতবারের চেয়ে ভালো ব্যবসা হচ্ছে বলে জানান তাঁরা। সামনের দিনগুলোতে মেলায় ভিড় আরও বাড়বে—এ রকমই প্রত্যাশা ব্যবসায়ীদের। গতকাল শনিবার সকাল থেকে দল বেঁধে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে মেলায় আসতে থাকে মানুষ। বিকেল নাগাদ মেলা প্রাঙ্গণ ছোটখাটো জনসমুদ্রে পরিণত হয়। আর গত শুক্রবার মেলায় সর্বাধিক সংখ্যক মানুষ এসেছিলেন। সংখ্যার হিসেবে তা সোয়া এক লাখের বেশি বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। মেলায় প্লাস্টিক পণ্যের স্টলগুলোতে প্রচণ্ড ভিড় দেখা যায়। এ ছাড়া অ্যালুমিনিয়ামের গৃহস্থালির উপকরণ, ইলেকট্রনিকস, ইমিটেশনের গয়না, প্রসাধনসামগ্রী, আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রীর স্টলে ভিড় ছিল বেশি। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের প্যাভিলিয়নে বেশ কিছু স্টলে চামড়াজাত পণ্য প্রদর্শন করছে দেশি উদ্যোক্তারা। অন্যদিকে ঢাকা উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্যাভিলিয়নে নারী উদ্যোক্তারা নিজেদের পণ্যসামগ্রী নিয়ে অংশ নিয়েছেন। মানসম্মত ও বাহারি নকশার এসব পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন দর্শনার্থীরা। দামে ছাড়ের সুবিধা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে অনেক প্রতিষ্ঠান। যতই দিন যাচ্ছে ছাড়ের পরিমাণ বাড়াছেন ব্যবসায়ীরা। যেমন—মেলার শুরুর দিকে ব্লেজার এক হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও গতকাল এর দাম কমে এক হাজার ৩৯৯ থেকে এক হাজার ৬০০ টাকায় নেমে আসে। প্রথমবারের মতো চালু হওয়া ই-শপের প্রতিও মেলায় আগত ব্যক্তিদের বেশ আগ্রহ দেখা গেছে। এতে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করা যায়। মেলার নির্ধারিত স্টলেও বেশ কয়েকটি কম্পিউটারের মাধ্যমে সেবাটি নিচ্ছেন কেউ কেউ। ই-শপের দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান এফএসবির প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘এ পর্যন্ত আমরা ভালো সাড়া পেয়েছি। প্রায় দুই লাখ মানুষ আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেছেন। তবে অনলাইনে কেনাকাটা করেছেন আড়াই শ জন।’ এদিকে মেলায় নির্বিঘ্নে প্রবেশ করা গেলেও বের হওয়ার সময় ঝামেলায় পড়ছে মেলায় আগত ব্যক্তিরা। প্রবেশপথের সামনে সারি সারি ফুচকার দোকান বসেছে। ফুচকাওয়ালারা প্লাস্টিকের চেয়ার দিয়ে অনেকখানি জায়গা দখল করে রাখায় বের হওয়ার পথ সংকুচিত হয়ে গেছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় ফুচকা ব্যবসায়ীদের সঙ্গে বচসাও হয় অনেক দর্শনার্থীর। এ বিষয়ে জানতে চাইলে মেলার সদস্যসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ফুচকার দোকানগুলো অবৈধ। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ রাজধানীর শেরেবাংলা নগরে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। টিকিটের দাম প্রাপ্তবয়স্কদের জন্য ২০ ও শিশুদের জন্য ১০ টাকা। মেলা শেষ হবে ৩১ জানুয়ারি।